Home আঞ্চলিক খুলনায় ঈদের কেনাকাটায় মারিয়াবি, সাদাবাহারে ঝুঁকছেন তরুণীরা

খুলনায় ঈদের কেনাকাটায় মারিয়াবি, সাদাবাহারে ঝুঁকছেন তরুণীরা

82

স্টাফ রিপোর্টার
ঈদ উপলক্ষে নানা রকম পোশাকের পসরা সাজিয়েছেন খুলনার ব্যবসায়ীরা। ছোট-বড় সব দোকানেই উঠেছে নতুন পোশাক। নানান নাম, বাহারি ডিজাইনের নজরকাড়া এসব পোশাক কিনতে শপিংমল, বিপণিবিতানে ভিড় করছেন তরুণীরা।

মার্কেট ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদবাজারে পাকিস্তানি ব্র্যান্ড মারিয়াবি, নূরস, সাদাবাহারের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি দিল্লি বুটিকস, বিবেক, গঙ্গা ব্র্যান্ডের পোশাকও বিক্রি হচ্ছে। এ ছাড়া গত কয়েক বছর ধরে চলে আসা শিফন, নায়রা, গারারা, অর্গানজা, লং গাউন, ভারী কাজের সুতির গাউন, পার্টি গাউনও বেশ চলছে। উচ্চবিত্তের নিউমার্কেট ও মধ্যবিত্তের শপিং কমপ্লেক্স ঘুরে ঈদবাজারে এসব পোশাকের আধিপত্য দেখা গেছে।

তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় প্রতিটি পোশাকের দাম ২০-২৫ শতাংশ বাড়তি চাওয়া হচ্ছে। অবশ্য ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম ও আমদানি শুল্ক বাড়ায় পোশাক কিনতে খরচ বেড়েছে। তাই বাধ্য হয়ে কিছুটা বাড়তি দামে এবার পোশাক বিক্রি করতে হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলো পোশাকে ঠাসা থাকলেও সে তুলনায় ক্রেতা কম। সাধারণত ১০ রমজানের পর মার্কেটগুলোতে পা ফেলানোর জায়গা থাকে না। সে তুলনায় দু-একটি দোকান ছাড়া বেশির ভাগ দোকান ছিল ক্রেতাশূন্য। সবাই বেতন-বোনাস পেলে আগামী সপ্তাহের মধ্যে কেনাকাটা জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা।

নিউমার্কেটের খুলনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিম তারিক জানান, এবার পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের থ্রিপিস বেশি বিক্রি হচ্ছে। বিভিন্ন পোশাক দেখে সবাই ঘুরেফিরে মারিয়াবি, নূরস, সাদাবাহার, বিন হামিরসহ পাকিস্তানি ব্র্যান্ড কিনছে। ভারতীয় পোশাকও ভালো বিক্রি হচ্ছে।

তিনি জানান, পাকিস্তানি থ্রিপিস সাড়ে ৩ হাজার থেকে ১৫ হাজার, ইন্ডিয়ান ব্র্যান্ড ৪ থেকে ৮ হাজার টাকা এবং ইন্ডিয়ান বুটিকসের পোশাক ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ওই দোকান থেকে পোশাক কিনেছেন বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত মারিয়া। প্রায় ৮-৯টি পোশাক যাচাই শেষে মারিয়াবি ব্র্যান্ডের একটি থ্রিপিস নিলেন তিনি। মারিয়া বলেন, ‘দামের সঙ্গে পছন্দের পোশাকের সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে। এ বছর প্রতিটি পোশাকের দাম দেড় হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বেশি। তিনি বলেন, পাকিস্তানি থ্রিপিসগুলো মসৃণ কাপড়ের হালকা কাজের।

মধ্যবিত্তের বাজার হিসেবে পরিচিত ডাকবাংলো মোড়ের খুলনা শপিং কমপ্লেক্সেও ক্রেতাদের তেমন ভিড় দেখা যায়নি।
বিসমিল্লাহ ফেব্রিক্সের স্বত্বাধিকারী আবুল হাসান জানান, দেশি, ভারতীয় ও পাকিস্তানিসহ এবার সবচেয়ে বেশি ধরনের পোশাক ঈদবাজারে এসেছে। ক্রপটপসহ যে সব লেহেঙ্গা দেশের বাইরে বিক্রি হয়, সেগুলোও খুলনা বাজারে বিক্রি হচ্ছে। তবে পাকিস্তানি ব্র্যান্ডের বিক্রি এবার বেশি।

মারিয়াম এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আমিন হোসেন মিঠু বলেন, গতবারের তুলনায় বিক্রি কিছুটা কম। শুক্রবার থেকে বেচাকেনা জমে ওঠার আশায় রয়েছেন সবাই।
মধ্যবিত্তের বাজার হিসেবে পরিচিত রেলওয়ে হাসপাতাল সড়কে রয়েছে ১২টি মার্কেট। সেখানে মেয়েদের কামিজ ও ছেলেদের পাঞ্জাবির দোকানে ভিড় বেশি।
এ মার্কেটের কে আই গার্মেন্টের স্বত্বাধিকারী কামরুল ইসলাম বলেন, এ বছর টিশার্ট ও শার্ট বিক্রি কম। সবাই পাঞ্জাবির দিকে বেশি ঝুঁকেছে।
ঈদবাজারে ছেলেদের চাপ বেশি নগরীর শিববাড়ি মোড় ও মজিদ সরণিকেন্দ্রিক ব্র্যান্ডের শোরুমগুলোতে। সেখানে ছেলেদের বিভিন্ন ডিজাইনের পোশাক এসেছে। ছেলেদের শাট ও টিশার্ট চলছে বেশি, সঙ্গে জিন্স।

এদিকে নতুন ডিজাইনের পাঞ্জাবির জন্য আড়ং, অঞ্জনসসহ দেশি ফ্যাশন হাউসগুলোয় ভিড় করছেন ক্রেতারা। বৃহস্পতিবার দুপুরে আড়ংয়ের খুলনা শোরুমে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে, পাঞ্জাবি বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থী ছিল বেশি।