পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলকেশ রায় বিরুদ্ধে লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এ নিয়ে ২০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একাধিক ইউপি সদস্যের সুপারিশকৃত ও এলাকাবাসীর গনসাক্ষরিত লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগে জানাগেছে , বিগত ২০২৩ সালে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সাময়িক বরখাস্ত থাকেন। সেই সময় লতার ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তখন তিনি কাটামারি বাজার থেকে উত্তর দিকের ১কিঃমিঃ ইটের সোলিং এর রাস্তার প্রায় ৮০হাজার ইট তুলে ফেলেন। যার বাজার মূল্য ৮লক্ষাধিক টাকা। ঐ ইটের মধ্যে কিছু ইট নিয়ে তিনি উত্তর কাটামারি মন্দির সংষ্কারের জন্য সেখানে মজুদ রাখেন। অপরদিকে ইউনিয়ন পরিষদের সামনে পাকা স্টেজ তৈরির জন্য ২লক্ষ ৩৪ হাজার টাকা বরাদ্দ হয়। যার মধ্যে তৎকালিন স্হানীয় সংসদ সদস্য ১লক্ষ টাকা প্রদান করেন। আর বাকি ১লক্ষ ৩৪ হাজার টাকা ইউনিয়ন পরিষদের টিআর এর বরাদ্দ । কিন্তু পুলকেশ রায় রাস্তা থেকে তুলে নেওয়া ইট দিয়ে খোয়া তৈরি করে স্টেজের কাজে লাগান। তাছাড়া তিনি বাহিরবুনিয়া মসজিদ সংলগ্ন ব্রীজের বিপরীতে অবস্হিত কাটামারি রাস্তা সংষ্কারের জন্য কাবিটার বরাদ্দকৃত ১ লক্ষ টাকা আত্নসাৎ করে রাস্তা থেকে তুলে নেয়া ওই ইট রাস্তার কাজে লাগান । কাটামারি অমল কৃষ্ণ ঢালীর বাড়ীর সামনের কালভার্ট নির্মানের এর বরাদ্দকৃত অর্থ আত্নসাৎ করে সেখানেও রাস্তা থেকে তুলে নেয়া ইট ব্যবহার করেন পুলকেশ রায়।
এছাড়াও কাটামারি বাজার খেয়াঘাট সংলগ্ন রাস্তা সংষ্কারে উন্নয়ন সহয়তার বরাদ্দকৃত ৮৭ হাজার টাকা আত্নসাৎ করে সেখানেও ওই ইট ব্যবহার করা হয়। ইউপি সদস্য বাবলু সরদার, শওকত হাওলাদার, স্বপন কুমার মন্ডল জানান, পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা কালে পরিষদের কোন ইউপি সদস্যকে না ডেকে ইচ্ছা মত পরিষদের টাকা তছরুপ করেছে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য পুলকেশ রায়ের সাথে কথা হলে তিনি জানান কিছু ইট মন্দির ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্টেজ তৈরির কাজে ব্যবহার করা হয়েছে। আর বাকি ইট রাস্তার পাশে রাখা আছে। আমি কোন অনিয়ম বা দুর্নীতি করিনি। ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান ইউএনও বরাবর অভিযোগের কথা আপনার কাছেই প্রথম শুনলান। পুলোকেশ রায়ের অর্থ আত্মসাতের কথা আমার জানা নেই। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে ।











































