ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রাম। এই গ্রামে গেলে একটি বাড়িতে নজর আটকাবেই। দোতলা বাড়িটির সামনের বিশাল আঙিনায় রয়েছে দুর্লভ সব গাছ। ছেঁটে রাখা হয়েছে ফুল-ফলের গাছগুলো। গাছে গাছে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। বাড়িজুড়ে সারাক্ষণ পাখির কলরব। এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছেন ‘গাছবাড়ি’।
শখের বশে এ দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করেন সূচিশিল্পী আমিনুল ইসলাম। পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তাঁর মন পড়ে থাকে সবুজেঘেরা গ্রামের এই বাড়িতে। ১৪ বিঘা জমির ওপর নির্মিত বাড়ির সামনে ও আশপাশে দেশি-বিদেশি ৫০০ প্রজাতির প্রায় ১০ হাজার গাছ রয়েছে। সম্প্রতি সেখানে গিয়ে আমিনুলের দেখা মিলল; আলাপে জানালেন গাছবাড়ির ইতিকথা।
আমিনুল ইসলাম জানান, তাঁর মায়ের ছিল কাপড়ে নকশা তোলার শখ। ছোটবেলা থেকে মায়ের সেলাইয়ের কাজ দেখে আমিনুলেরও কাজটির প্রতি আগ্রহ তৈরি হয়। ভাবতেন, এ নিয়ে গ্রামে কিছু একটা করবেন। তাই পড়াশোনা শেষে ব্যবসার পাশাপাশি গ্রামের নারীদের দিয়ে কাপড়ে নকশা তোলার কাজ করান। কাজটি ভালোভাবে করতে ২০১৪ সালে গ্রামের বাড়িতে একটি ভবন নির্মাণ করেন। কিন্তু নারীরা সেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। পরে নিজেদের বাড়িতে কাজ নিয়ে যান এবং কাজ শেষে তৈরি পণ্য দিয়ে যেতে থাকেন। বাড়িটি পড়ে থাকায় তিনি সিদ্ধান্ত নেন, এখানে গাছের সংগ্রহশালা তৈরি করবেন।
আমিনুল বলেন, ‘গাছের সংগ্রহশালা করতে বাবার দেওয়া জমির সঙ্গে পাশে আরও কিছু জমি কিনি। মোট ১৪ বিঘা জমির ওপর বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করতে থাকি। দেশ-বিদেশ থেকে গাছ পছন্দ করে নিয়ে আসি। বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশ থেকে গাছ এনেছি। বর্তমানে এখানে নাগলিঙ্গম, কানাইডাঙ্গা, সরস্বতীচাপা, ঈশের মূল, কুমারীলতাসহ ৫০০ প্রজাতির প্রায় ১০ হাজার গাছ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাছের সঙ্গে পাখির সম্পর্ক ঘনিষ্ঠ। ফুলে-ফলে ভরা গাছ থাকলে পাখিও আসবে। আমার এই বাড়িটি এখন তাই নানা জাতের পাখির নিশ্চিন্ত আশ্রয়স্থল। অনেক গাছে পাখি বাসা বেঁধেছে। তাদের থাকার উপযোগী গাছ যেমন রোপণ করা হয়েছে, তেমনি তাদের খাওয়ার উপযুক্ত ফলের গাছও লাগানো হয়েছে।’
আমিনুল ইসলাম জানান, প্রায় প্রতি সপ্তাহে গাছ ও পাখির টানে গ্রামে ছুটে আসেন। নিজ হাতে গাছগুলো পরিচর্যা করেন। এ ছাড়া বাড়ির আশপাশে পুকুরও রয়েছে। সেখানে মাছচাষ করেন।
গাছবাড়ি দেখতে আসা শৈলকুপা সিটি কলেজের প্রভাষক সাবিনা ইয়াসমিন বলেন, বন উজাড় করায় পরিবেশ-প্রকৃতি এখন হুমকির মুখে। সে ক্ষেত্রে আমিনুল ইসলামের এ উদ্যোগ অনন্য।
লক্ষ্মণদিয়া গ্রামের বজলুর রহমান বলেন, আমিনুলের গাছ লাগানো দেখে আমরা প্রথমে বলতাম, এত টাকা খরচ করে উনি এসব কী করেন! কিন্তু এখন মনে হয় ঠিক কাজটাই করেছেন। বাড়িটাই ঢুকলে মন ভরে যায়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন জানান, আমিনুল ইসলামের উদ্যোগটি প্রশংসনীয়। যারা গাছ নিয়ে গবেষণা করেন, তারা এখানে এলে উপকৃত হবেন।











































