মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর সদর উপজেলার উজলপুরে ভৈরব নদে সেতুর কাজ শুরু হয় ২০২১ সালের জুনে। দরপত্র অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে। কিন্তু অর্ধেক কাজ শেষ করে ঠিকাদার লাপাত্তা ৯ মাস ধরে। ফলে এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে। জরুরি যাতায়াতের জন্য সেতুটির নিচে বাঁশ-কাঠের পাটাতন তৈরি করেছেন তারা। সেখান দিয়েই ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসী দ্রুত সময়ের মধ্যে সেতুটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
উজলপুর পড়েছে উপজেলার কুতুবপুর ইউনিয়নে। ভৈরবের এক তীরে উজলপুর, অন্য তীরে ফতেপুর। সেখানে সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা সূত্র জানায়, বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯৬ দশমিক ১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে প্রকল্প নেওয়া হয়। এ জন্য বরাদ্দ হয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা। দরপত্র পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামার জানি ট্রেডার্স। তাদের কাছ থেকে সাবঠিকাদারি নিয়ে কুষ্টিয়ার ঠিকাদার সুমন রহমান ২০২১ সালের জুনে কাজ শুরু করেন।
এলাকাবাসী জানায়, কয়েক মাসের মধ্যে সেতুটির দুটি পিলার ও দুই পাশের সংযোগ সড়কের জন্য গাইড ওয়াল তৈরি করা হয়। সব মিলিয়ে প্রায় অর্ধেক কাজ হওয়ার পর থেকে সাবঠিকাদার সুমন রহমানেরও দেখা পাচ্ছেন না। ফলে সেতু নির্মাণের সরঞ্জাম নষ্ট হচ্ছে। রডে মরিচা পড়ছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, নতুন রড এভাবে নষ্ট হওয়ার পর সেতু নির্মাণ হলে স্থায়িত্ব কমে যাবে। তারা জানতে পেরেছেন, সেতুর কাজের জন্য বরাদ্দ টাকার ৫৫ শতাংশ তুলে নিয়েছেন ঠিকাদার।
ছহিউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম উজলপুরের বাসিন্দা। তিনি বলেন, সাড়ে ৬ কোটি টাকা খরচে যে সেতুটি নির্মাণ হচ্ছে, তা শেষ না করেই ঠিকাদারের পালিয়ে যাওয়া দুঃখজনক। এতে গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
এ গ্রামের অধিকাংশ চাষির জমিই ভৈরবের ওপারের গ্রাম ফতেপুর, শোলমারী ও তেঘরিয়ায়। এমন তথ্য জানিয়ে কৃষক রবিউল ইসলাম বলেন, জমি চাষাবাদ, ফসল আনাসহ চাষের নানা কাজে সেতুটি তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাধ্য হয়ে তিন-চার কিলোমিটার দূর ঘুরে অন্য সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। সময়ের অপচয় হয়।
বীর মুক্তিযোদ্ধা রায়হান হোসেন বলেন, সেতু নির্মাণ শুরুর পরই নির্মাণসামগ্রীর দাম বেড়ে যায়। তখন ঠিকাদারের লোকজন নিম্নমানের সামগ্রী ব্যবহার শুরু করে। এতে বাধা হয়ে দাঁড়ান গ্রামবাসী। ফলে ঠিকাদার কাজ গুটিয়ে চলে গেছেন। এরপর থেকে সেতুটি এভাবেই পড়ে আছে।
গ্রামের বাসিন্দাদের হয়ে তারা দ্রুত সেতুর কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মাসিক ১৫ হাজার টাকা বেতনে একই গ্রামের মো. গরিবুল্লাহকে দেখভালের কাজে নিয়োগ দিয়েছিলেন ঠিকাদার। তিনিই অবশিষ্ট মালপত্র পাহারা দিচ্ছেন। গরিবুল্লাহ বলেন, কাজ বন্ধ রাখায় সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। সেতু নির্মাণের জিনিসপত্র পড়ে থাকায় কাজও ছাড়তে পারছেন না। কোনোমতে সংসার চালাচ্ছেন।
২০২৩ সালের জুনের ২০ তারিখ পর্যন্ত সেতুটির কাজ চলেছে। পরে বন্ধ হয়ে যায়। এতে এলাকার মানুষের ভোগান্তির তথ্য নিশ্চিত করে কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম রেজা বলেন, ‘এ বিষয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি এলজিইডিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।’ এলজিইডির পক্ষ থেকেও মূল ঠিকাদারকে দিয়ে কাজটি দ্রুত করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এলজিইডির সঙ্গে যোগাযোগের তথ্য স্বীকার করে মেসার্স কামার জানি ট্রেডার্সের স্বত্বাধিকারী কামার জানি সমকালকে বলেন, ‘প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। একটু সমস্যার কারণে কাজে দেরি হয়েছে। আশা করি সমাধান হয়ে যাবে।’ কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি।
এলজিইডির মেহেরপুর সদর উপজেলা প্রকৌশলী মো. সাব্বির উল ইসলামের ভাষ্য, ‘একটু সমস্যা’ হয়েছিল। প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। সে অনুযায়ী ২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ করতে হবে। চুক্তি অনুযায়ী ঠিকাদারই কাজ শেষ করবেন। কাজ ফেলে পালিয়ে যাওয়ার সুযোগ নেই।











































