ঢাকা অফিস
দেশের প্রথম একমাত্র হাসপাতাল হিসেবে ১০০তম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) বা অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করেছে এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এ বিষয়টি ঘোষণা করে হাসপাতালটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত ১০৩টি বিএমটি সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এভারকেয়ার হসপিটালে। এর মধ্যে অ্যালোজেনিক ৩৯টি, অটোলোগাস ৬৪টি এবং হাপলো বিএমটি ১২টি। এ ছাড়া চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালও তিনটি বিএমটি সম্পন্ন করেছে।
গত আট বছরেই তারা এ বিএমটিগুলো সম্পন্ন করেছে। এমনকি কোভিড-১৯ মহামারির দুই বছরে ৩৩টি বিএমটি সফলভাবে করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রাম-এর হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ‘বিগত কয়েক বছর ধরে এভারকেয়ার হসপিটাল সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে আসছে। বিএমটি এমন একটি ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই এর বাস্তবায়ন করতে পারা আমাদের কাছে একটি বড় সাফল্য। শতকের ঘর পূর্ণ করতে পেরে এভারকেয়ার হসপিটালের পাশাপাশি আমি ব্যাক্তিগতভাবে বেশ আনন্দিত।’
এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদীপ চাস্কার বলেন, ‘দেশের জনগণের সেবায় আমরাই প্রথম হাসপাতাল যারা বিএমটির জন্য অত্যাধুনিক, প্রয়োজনীয় ও উন্নত যন্ত্রপাতি নিয়ে এসেছি। বাংলাদেশের জনগণকে সুচিকিৎসা প্রদান করা আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, ডেডিকেটেড বিএমটি ইউনিট ও লিউকেমিয়া ইউনিট সংবলিত এভারকেয়ার হসপিটাল ঢাকা বিভিন্ন ধরনের লিউকেমিয়া মোকাবিলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। এখানে ফুল ম্যাচ ও হাফ ম্যাচ (হ্যাপলো) পদ্ধতিতে অটোলগাস ও অ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। একই সঙ্গে হসপিটালটিতে একটি স্টেম সেল প্রক্রিয়াকরণ ল্যাব, ক্রায়োপ্রিজারভেশন ফ্যাসিলিটি, আউটপেশেন্ট ও ইনপেশেন্ট প্রসিডিওর রুম, দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ের জন্য ইন-হাউজ মলিকিউলার ডায়গোনস্টিক ফ্যাসিলিটি, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহসহ বিএমটি শয্যা, হেপা ফিল্টার এবং রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফিকেশনের মতো বিশেষ সিস্টেম রয়েছে। এখানে একটি মলিকিউলার ল্যাব রয়েছে যা ক্যান্সারের সূত্রপাত নির্ণয়ের জন্য ফ্লো সাইটোমেট্রির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এ ছাড়া রোগীর অবস্থার দ্রুত ও সঠিক মূল্যায়ন করার জন্য সাবটাইপিং, ভিত্তিক পিএনএইচ, ইমিউনো-হিষ্টোকেমিস্ট্রি, পেট-স্ক্যান মতো পরিষেবাগুলোও রয়েছে এ হাসপাতালে।











































