Home Uncategorized কেসিসির টাকা ড্রেনে, মশার উপদ্রব শহরজুড়ে

কেসিসির টাকা ড্রেনে, মশার উপদ্রব শহরজুড়ে

111

 

  • · মশা দমনে দৈনিক লাখ টাকা খরচ করে কেসিসি
  • · উনয়ন কাজে অনিয়ম, পানি জমে মশার বংশ বৃদ্ধি
  • · ড্রেনে পানি প্রবাহে বাধা, কার্যকরি উদ্যোগ কম

স্টাফ রিপোর্টার।।

শীত শেষ হওয়ার সাথে সাথে খুলনা মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তবে খুলনা সিটি কর্পোরেশনের কার্যকরী কোন উদ্যোগ না থাকায় মশা নিয়ন্ত্রণে থাকছে না বলে অভিযোগ নগর বাসিন্দাদের।

খুলনা শহরের ময়লাপোতা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, নগরীতে অত্যান্ত বেশি পরিমানে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তবে এই মৌশুমে একবারও আমরা কেসিসি কর্তৃপক্ষকে মশা নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নিতে দেখিনি।

তিনি বলেন, মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে কয়েল বা মশা নিয়ন্ত্রণ কারী অন্যান্য উপকরণ কিনতে বাড়তি ব্যয় করতে হচ্ছে।

নিজ পরিবারের ব্যয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়িতে সাড়ে ৪০০ টাকা খরচ করা হয়েছে মশার উপদ্রব কমানোর জন্য।

নগরের আরও একাধিক পরিবারের সাথে কথা বলে জানা গেছে, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শহরে মশার উপদ্রব বাড়তে থাকে। ফেব্রুয়ারিতে আরও ভয়ানক পর্যায়ে উঠে। এই সময়ে প্রত্যেক পরিবারের মাসিক ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে মশা নিয়ন্ত্রনের জন্য।

শফিকুল আলম শহরের ফেরিঘাট এলাকার বাসিন্দা। তিনি বলেন, মশা নিয়ন্ত্রের জন্য কয়েল বা অনুসাঙ্গিক উপকরণ ব্যবহার ছাড়া এই শহরে বসবাসের উপায় নেই। সন্ধ্যার পর বাসা-বাড়ি বা দোকানে কয়েল জ্বালানো না হলে পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে যায়।

খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত খুলনা শহরে মশার প্রজনন মৌসুম থাকে।

কেসিসির প্রধান কর্মকর্তা বর্জ্য ব্যবস্থাপনা আনিসুর রহমান বলেন, মশার বংশবৃদ্ধি রোধে শহরের ড্রেনে ৮০ শতাংশ ডিজেল ও ২০ শতাংশ ফার্নেস অয়েল মিশ্রিত তেল ছিটিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড কীটনাশকও ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রতিদিন সিটি করপোরেশনের আওতাধীন ৩১টি ওয়ার্ডে ৩১ জন কর্মী ওই তেল স্প্রে করেন। এছাড়া ৩১ জন অস্থায়ী কর্মী তাদের সহায়তা করেন।’

শহরে মশা নিয়ন্ত্রের জন্য কেসিসি বাজেটও কম নয়। প্রত্যেক বছর তিন কোটি টাকার বেশি খরচ হয় এই খাতে। ২০২১-২২ অর্থ বছরে ৩ কোটি ১৮ লাখ, ২০২২-২৩ অর্ধ বছরে ৩ কোটি ২৫ লাখ টাকা খরচ করা হয়েছে। এই অর্থ বছরের বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নির্মূলে ১৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্ধ রয়েছে। সেখান থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার কাছাকাছি মশা দমনে খরচ হবে। অর্থ্যাৎ কেসিসির প্রতিদিন প্রায় এক লাখ টাকা কাছাকছি খরচ হয় মশা দমনের জন্য।

এত টাকা খরচ হওয়ার পরে মশা দমনে ব্যর্থতার দায় নিতে নারাজ নগর কর্তৃপক্ষ। তারা পাল্টা দোষারোপ করছেন নগরের বাসিন্দাদের।

বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ড্রেন মধ্যে নগরবাসী ব্যবহৃত আবর্জনা এবং পলিথিন নিক্ষেপ করে থাকে। যার কারনে ড্রেনের পানির প্রবাহে বাধা পেয়ে অনেক স্থানে জমে থাকে। আর সেখানে মশার প্রজনন ঘটে। এক্ষেত্রে নগরবাসী সতর্ক না হলে মশা দমন সম্ভব নয়।

বর্জ ব্যবস্থাপনা বিভাগ আরও জানান, শহরে দৈনিক ১২০০ টন গৃহস্থলি বর্জ্য উৎপাদন হয়। সেখান থেকে ৮০০ টনের মতো কেসিসি সংগ্রহ করে শহরের বাইরে নিয়ে প্রক্রিয়াকরণ করে। বাকি ৪০০ টন বর্জ্য নগরবাসির উদাসীনতায় ড্রেন বা খোলা স্থানে নিক্ষিপ্ত হচ্ছে। যাও মশার বংশ বৃদ্ধির অন্যতম কারণ।

বর্তমানে খুলনা শহরে তিনটি বৃহৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই উন্নয়ন কাজের জন্যও ড্রেনেজ পানি জমে মশার বংশ বৃদ্ধির একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই তিনটি প্রকল্পের মধ্যে একটি বাস্তবায়ন করছে খুলনা ওয়াসা ও বাকি দুটি খুলনা সিটি কর্পোরেশন।

খুলনা ওয়াসা সূত্রে জানা গেছে, ২৩ হাজার ৩৪১ কোটি টাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প চলছে। এই প্রকল্পতে ১৭৭ কিলোমিটার সড়ক খুঁড়ে পাইপ স্থাপন করা হচ্ছে। একইভাবে সার্ভিস সংযোগের জন্য আরও ৭৩ কিলোমিটার সড়ক খনন করে পাইপ স্থাপন প্রকল্প চলমান রয়েছে।

তবে ওয়াসা দীর্ঘদিন সড়ক খুড়ে রাখলেও তা সংস্কার করছে না। যেখানে জমে থাকা পানিতে মশারা ডিম পাড়ছে বলে অভিযোগ নগরবাসির।

এ প্রসঙ্গে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ বলেন, খোঁড়া সড়ক মেরামোতের জন্য সিটি করপোরেশনকে টাকা দেওয়া হয়েছে। আমাদের হাতে সংস্কার কাজের দায়িত্ব থাকলে তা কাজ শেষের সঙ্গে সঙ্গেই করে দেওয়া যেত। সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ায় আমাদের কিছু করার নেই।

এছাড়া কেসিসি সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ৮২৩ কোটি টাকা ব্যয়ে ১৬৮ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। অপরটি হলো, খুলনা সিটি করপোরেশনের ৬০৭ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুর্নবাসন প্রকল্পের আওতায় ২৭৪ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে।

এই দুই প্রকল্প বাস্তবায়নেও নানা রকরমের অনিয়মের অভিযোগ রয়েছে। সংস্কারের জন্য শহরের অনেক ড্রেন বন্ধ করে রাখা হয়েছে। যেখানেও মশার বংশ বৃদ্ধি হচ্ছে।

তবে কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ড্রেনেজ প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়ন শেষ হয়েছে। যার ফলে ওই সব এলাকায় মশার উপদ্রব কমে গেছে। বাকি এলাকায় কাজ চলছে, শেষ হলে মশার উপদ্রব কমে যাবে।

তিনি বলেন, মশা দমন করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখানে কেসিসির কোন উদাসীনতা নেই। তবে নগরবাসীর কিছু খামখেলীপনা আছে।

রাগান্বিত হয়ে তিনি বলেন, ‘ আমি খালেক তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর, নগরবাসীকে তাদের বাড়িঘর সঠিকভাবে পরিষ্কার করতে এবং ড্রেনে আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা অধিকাংশই নির্দেশনা মানছেন না।

সকলের কাছে সহায়তা চেয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নির্মূল করা সম্ভব নয়। সকলে সচেতন হলেই মশা দমন হবে।