Home খেলাধুলা বাড়িতে টিভি নেই, অন্যের মোবাইলে দেখতেন মেয়ে ইয়ারজানের খেলা

বাড়িতে টিভি নেই, অন্যের মোবাইলে দেখতেন মেয়ে ইয়ারজানের খেলা

92

খেলা ডেস্ক।।

রেনু বেগম। সংসার জীবনের শুরু থেকেই সংগ্রাম করে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়েই আগলে রেখেছেন স্বামী ও সন্তানদের। এতদিন তিনি স্বপ্ন দেখতেন মেয়ে ইয়ারজান বেগম হাসি ফুটবে পরিবারের। রেনুর সেই স্বপ্ন এখনই ধরা না দিলেও সেই পালে কিছুটা হাওয়া লেগেছে।

রেনু বেগমের মেয়ে ইয়ারজান বেগম। সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের গোলরক্ষক। যেখানে অংশ নিয়ে একের পর এক চমক দেখিয়েছেন তিনি।

রোববার বিকেল সোয়া ৩টায় নেপালের কাঠমান্ডুতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। ম্যাচের ভাগ্য টাইব্রেকারে গড়ালে যোদ্ধার মতো সামনে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইয়ারজান।

পেনাল্টি শুট আউটে ভারতের দিভানি লিনদার শটে গোল হলে ফাইনাল গড়াতো সাডেনডেথে। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে তখন পিনপতন নিরবতা। দিভানি পারেননি লক্ষ্যভেদ করতে। আর তাকে ব্যর্থ করেছেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।

দিবানির শট ঠেকিয়েই হাত উঁচিয়ে দৌড় দিলেন ইয়ারজান। তখন পুরো বাংলাদেশ দলের লক্ষ্য গোলরক্ষককে ছোঁয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনের মধ্যমনি হয়ে গেলেন তিনি। কেবল ফাইনালেই দক্ষতা দেখানটি বাংলাদেশের গোলরক্ষক। টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছেন। এতে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কারও গেছে তার ঝুলিতে।

ইয়ারজানের নৈপুণ্যে শিরোপা জেতে বাংলাদেশ। ছবি- সংগৃহীত
ইয়ারজানের নৈপুণ্যে শিরোপা জেতে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

এদিকে দেশের বাইরে হতদরিদ্র পরিবারের মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী। আনন্দিত পরিবার এবং প্রতিবেশীরাও। গর্বিত পুরো পঞ্চগড়বাসী।

ইয়ারজানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে। তিন ভাইবোনের মধ্যে বড় ইয়ারজান স্থানীয় টুকু ফুটবল একাডেমীতে অনুশীলন করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইয়ারজানের বাবা আব্দুর রাজ্জাক শারীরিকভাবে অসুস্থ। কোন কাজ করতে পারেননা। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মা রেনু বেগমই। তার উপার্জনেই চলে সংসার। সম্পদ বলতে তাদের কেবল ভিটেমাটি।

সরেজমিনে ইয়ারজানের বাড়িতে গিয়ে দেখা যায়, সড়কের পাশেই ছোট ছোট দুইটি ঘর। এর মধ্যে একটি ঘর একেবারেই জরাজীর্ণ। একপাশে ছাউনির টিনগুলো খুলে গেছে। সেই ঘর থেকে বেরিয়ে এলেন তার বাবা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘তিনবেলা খেতে পাইনা ঠিকমত, ঘর ঠিক করবো কিভাবে?’

ইয়ারজানের মা রেনু বেগম বলেন, ‘বাড়িতে টিভি নেই, কাজ থেকে বাড়িতে গিয়ে কারো মোবাইলে মেয়ের খেলা দেখবো। আর কাজ না করলে তো খাবার জুটবেনা।’

তিনি আরো বলেন, ‘মানুষের কৃষিজমিতে কাজ করে মেয়েকে বড় করেছি। দৈনিক ২৫০ টাকা মজুরি পাই। এর মধ্যে ১০০ টাকা মেয়েকে দেই, বাকী ১৫০ টাকা সংসারের অন্যান্য কাজে ব্যবহার করি। খুব টানাপোড়নে চলে সংসার। এখন মেয়ে যদি ভালো কিছু করতে পারে, তাহলে হয়তো টানাপোড়েন দূর হবে।’

আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার নিচ্ছেন ইয়ারজান। ছবি- সংগৃহীত
আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার নিচ্ছেন ইয়ারজান। ছবি- সংগৃহীত

ইয়ারজানের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘ছোট থেকেই ফুটবলের প্রতি আগ্রহ মেয়ের। তবে আমরা কখনো উৎসাহ দেইনি, মানুষও ভালো বলতো না। তাছাড়া অনুশীলনে পাঠানোর মত ব্যবস্থাও ছিলো না। কিন্তু মেয়ে এসবে তোয়াক্কা করতো না। তাই সংসারে টানাপোড়ন উপেক্ষা করেই তাকে সাপোর্ট দিয়েছি।’

ইয়ারজানের সাফল্যে তার স্ত্রী রেনুর অবদান সবচেয়ে বেশি জানিয়ে রাজ্জাক বললেন, ‘মেয়ের সাফল্যের অবদান তার মায়ের। টুকু ফুটবল একাডেমীও অনেক সহযোগিতা করেছে। এখন আমার মেয়ে বিদেশে খেলছে। আজকে মেয়ের সাফল্যে গর্বে আমার বুক ভরে গেছে। যখন মেয়ের বিষয়ে কেউ জানতে চায়, তখন খুব ভালো লাগে আমার। আমি চাই আমার মেয়ে ভালো কিছু করুক। আমাদের নাম উজ্জ্বল করুক।’

স্থানীয় ক্রীড়া সংগঠক আখতারুজ্জামান ডাবলু বলেন, ‘ইয়ারজান আমাদের এলাকার কৃতি সন্তান। তার পরিবার একবারেই হত-দরিদ্র। তার মা রেনু বেগমের আয়েই চলে তাদের সংসার। এমন পরিবার থেকে উঠে আসা সহজ বিষয় নয়। আমরা প্রত্যাশা করছি, সামনে জাতীয় দলেও জায়গায় করে নিবে এবং বাংলাদেশের ফুটবলকে ভালো কিছু উপহার দিবে। ইয়ারজানের জন্য শুভকামনা রইলো।’