Home জাতীয় আদি থেকে অন্ত, বড়লোকের আমোদের প্রতীক প্রমোদতরী

আদি থেকে অন্ত, বড়লোকের আমোদের প্রতীক প্রমোদতরী

38

খুলনাঞ্চল রিপোর্ট
আমোদ-প্রমোদের জন্য বড়লোক অর্থাৎ ধনকুবেররা কত কিছুই না করেন। একবিংশ শতাব্দীর ধনকুবেরদের বিলাসী জীবনের বড় নিশানাগুলোর মধ্যে অন্যতম সুবিশাল সাগরের বুকে নিজের একটি বিশাল প্রমোদতরী।
প্রমোদতরীর নাম শুনলেই বোঝা যায়, জলভূমে প্রমোদের জন্য নির্মিত নৌকাকে বোঝাতে এ শব্দের আবির্ভাব। তবে তরী বলতে একবিংশ শতাব্দীর ধনকুবেররা এখন আর নৌকা না, বরং বিশালাকৃতির জাহাজের শরণাপন্ন হন।

বর্তমান শতকে প্রমোদতরী বলতে ইয়াট বা সুপার-ইয়াটকে বোঝানো হলেও, প্রমোদতরীর ধারণাটি বাংলা মুল্লুকে একদিকে যেমনি সুপ্রাচীন, অন্যদিকে সুপরিচিতও বটে। বাংলায় শাসন করা মুঘল, নবাব, বারো ভূঁইয়া কিংবা জমিদার; সবার প্রমোদের সবচেয়ে জনপ্রিয় বাহন ছিল তৎকালীন বজরা। ঢাউস সাইজের নৌকার বুকে দিনের পর দিন তারা জলের বুকে ভেসে বেড়াতেন, মেতে থাকতেন নাচ, গান আর পানের মতো আমোদে।

রবীন্দ্রনাথের জীবনী ঘেঁটে দেখা যায়, বিশ্বকবির দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার জমিদারির দেখভালের জন্য ঢাকার কারিগরদের থেকে নিজের পছন্দমতো একটি ঢাকাইয়া বজরা বানিয়েছিলেন। ঠাকুর পরিবারের এ পারিবারিক প্রমোদতরীর প্রতি মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর ও স্বয়ং রবীন্দ্রনাথের ছিল নিবিড় আকর্ষণ। জমিদারি দেখার পাশাপাশি গান-বাজনার মতো চিত্তাকর্ষণের জন্য ব্যবহৃত হত এ বজরা। এ বজরায় করে দেবেন্দ্রনাথ একবার কলকাতা থেকে বেনারস অবধি গিয়েছিলেন বলে জানা যায়।

পুঁজিবাদের ভাষায়, ধনকুবেরদের কেনাকাটায়ও এক ধরনের বিনিয়োগ। কথাটির প্রমাণ মেলে আগেকার এসব বজরা আকৃতির প্রমোদতরীর ব্যবহার দেখে। নবাব বা জমিদাররা জলবেষ্টিত এ বাংলায় প্রমোদের পাশাপাশি জমিদারি দেখভালের জন্য প্রমোদতরী ব্যবহার করতেন।

একাবিংশ শতাব্দীতে এসে দুই-তিন রুমের বজরাকৃতি প্রমোদতরী আধুনিক হতে হতে এখন সমুদ্রে ভাসমান ফাইভ স্টার আবাসিক হোটেলে পরিণত হয়েছে, যা বড়লোকের শখের ইয়াট নামে পরিচিত।

একটি প্রমোদতরী আকারে কতটা বড় হতে পারে, তা এ বছরের জানুয়ারি মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে প্রমাণ মেলে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সুমদ্রযাত্রায় বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীটির নাম ‘আইকন অব দ্য সিস’।

জানুয়ারির শেষের দিকে সমুদ্রের বুকে আবির্ভূত এ প্রমোদতরীটির দৈর্ঘ্য ১ হাজার ১৯৭ ফুট। বিলাসবহুল এ তরীটিতে যাত্রী ধারণ ক্ষমতা সাড়ে ৭ হাজারের বেশি। শুধু তাই না, এই প্রমোদতরীতে সাতটি ডেকে সব মিলিয়ে ৪০টি রেস্তোরাঁ, বার এবং লাউঞ্জ রয়েছে। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের এক প্রমোদতরীটি এখনো একক ব্যক্তি মালিকাধীন না হলেও এমন বড় বড় সুপারইয়াট বর্তমানে ধনকুবেরদের শখের খোরাক।

বাংলাদেশে একজন সাধারণ ধনী বা উচ্চ-মধ্যবিত্তের যেমনি ব্যক্তিগত গাড়ি না থাকলে সমাজে মান থাকে না, একইভাবে বিলিয়নিয়ারদের নিজস্ব প্রাইভেট জেট বা আমোদের জন্য একটি প্রাইভেট ইয়াট থাকাটা এখন মর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করনো পরবর্তী সময়ে মূল্যস্ফীতির করাঘাতে যখন পুরো বিশ্ববাসী নিজেদের খাবার যোগাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বিশ্বের ধনকুবেরা মেতে আছেন নিত্য-নতুন ইয়াট কেনার দৌড়ে।

ইয়াট বিক্রয় প্রতিষ্ঠান বোট ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে শুধু এই একটি প্রতিষ্ঠানেই ৩ বিলিয়ন ইউরোর ইয়াট বিক্রি হয়েছে, যা অর্থমূল্যের বিবেচনায় ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। গতবছর বিক্রি হওয়া এখানকার সবচেয়ে দামী ইয়াটির নাম লেডি জর্জিয়া, যেটি ৩৩ কোটি ইউরোতে বিক্রি হয়েছে।

ওয়ার্ল্ড আল্ট্রা ওয়েলথের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন ডলার অর্থমূল্যের ইয়াট বিক্রি হয়। বিশ্বের বড় বড় ধনকুবেরা জলরাশির বুকে নিজেদের ব্যক্তিগত সময় কাটাতে এসব ইয়াট কিনে থাকেন।

গত বছর বিশাল এক প্রমোদতরী কিনে আলোচনায় আসেন ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বেজোসের কেনা করু নামের সুপারইয়াটটির দাম পড়েছে ৫০০ মিলিয়ন ডলার।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ৪১৭ ফুট লম্বা বিশালাকৃতির এই ইয়াটটি মূলত বেজোস তার বাগদত্তা লরেন সানচেজের জন্য কিনেছেন। গত বছর এই ইয়াটে করেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার বাগদত্তার সঙ্গে ইউরোপের নানা উপকূলে ঘুরে বেরিয়েছেন।

জেফ বেজোসের মতো ইয়াটারের শখ আছে আরেক ধনকুবের ফ্রান্সের ফ্যাশন হাউজ লুই ভিটনের স্বত্বাধিকারী বার্নল্ড আরনল্টের। এই ধনকুবেরের শখের ইয়াটের নাম সিম্ফোনি। ১৫০ মিলিয়ন ডলার খরচ করে ফ্যাশন দুনিয়ার এই হর্তাকর্তা ইয়াটটি কিনেছেন বলে জেন্টেলম্যান জার্নালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

২০২২ সালে ইয়াটে করে গ্রিসে অবকাশযাপন করতে গিয়েছিলে ইলন মাস্ক। এক ইয়াট ভ্রমণ নিয়ে দুই বছর সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছিলেন এ ধনকুবের। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবকাশযাপন করতে মাস্ক যে ইয়াটে ভ্রমণ করেছেন সেটির এক রাতের ভাড়া ছিল ৭ হাজার ডলার। ২৪ মিটার লম্বা জিউস নামের এই ইয়াটতি সে বছর মাস্ক গ্রিস, ক্রোয়েশিয়া ও স্পেনের মতো ইউরোপের দেশগুলো ঘুরে বেড়িয়েছিলেন।

মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের এক নাম্বার ধনকুবের হয়েও ইলন মাস্কের ব্যক্তিগত কোনো ইয়াট নেই। ৭০ মিলিয়ন ডলারের একটি প্রাইভেট জেট থাকলেও এখন পর্যন্ত নিজের কোনো ব্যক্তিগত ইয়াট কেনা হয়নি এই ধনকুবেরের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুরো এশিয়ায় সবচেয়ে দামী প্রমোদতরীটির মালিক ভারতের বিলিয়নিয়ার লক্ষ্মী মিত্তাল। স্টিল ব্যবসায়ী মিত্তালের কেনা আমেভি নামের এই ইয়াটটির মূল্য ১ হাজার কোটি টাকা। সুইমিংপুল, জিমনেশিয়াম, স্পা কিংবা সিনেমা হল কী নেই লক্ষ্মী মিত্তালের ইয়াটে।
বজরার প্রমোদতরী থেকে শুরু করে বর্তমানের ইয়াটে ধনকুবেররা এতদিন স্বাচ্ছন্দে আমোদ-প্রমোদ করে আসলেও এবার তারা পড়েছেন পরিবেশবাদীদের রোষানলে। বিশেষ করে গত বছর সেপ্টেম্বরে ওয়ালমার্টের উত্তারাধিকারী ন্যান্সি ওয়ালটনের ইয়াটে লাল রঙের স্প্রে করে পরিবেশবাদীদের প্রতিবাদ জানানোর পর থেকে ইয়াট বনাম জলবায়ু ইস্যুটি লোকসম্মুখে আসে।

সেসময় সংবাদমাধ্যম সিএনএনের করা এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১ শতাংশ বিলিয়নিয়ার ৫০ শতাংশ জলবায়ু হুমকির জন্য সরাসরি দায়ী বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। বিশেষ করে ধনকুবেররা যে প্রাইভেট জেট বা সুপার ইয়াট ব্যবহার করছেন তা একদিকে বায়ুকে দূষিত করছে, অন্যদিকে দূষণ ঘটাচ্ছে জলাভূমির।

রুশ রাজনীতিবিদ ও বিলিয়নিয়ার ব্যবসায়ী রোমান আব্রাহামোভিচ তার একিলিপস নামের ইয়াট নিয়ে বারবার আলোচনায় এসেছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোমানের এই প্রমোদতরী থেকে প্রতিবছর ২২ হাজার টন কার্বন নিঃসরণ হয়। এক প্রমোদতরী থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, ছোটখাটো একটি দেশও সারা বছর সে পরিমাণ কার্বন নিঃসরণ করে না।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, একটি বিলাসবহুল প্রমোদতরীর পেছনে বিলিয়নিয়াররা বছরে ৪০০ মিলিয়ন ডলার খরচ করে। এই পরিমাণ অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের মতো দেশে একটি হাসপাতাল দেয়া সম্ভব কিংবা আফ্রিকায় ১০ মিলিয়ন ম্যালেরিয়ার ভ্যাকসিন সরবরাহ করা যায়।

পরিবেশ নিয়ে বড় বড় বুলি কপচানো ধনকুবের বিল গেটস নিজে ইয়াট না কিনলেও ভাড়ায় চড়া ইয়াটে প্রতি সপ্তাহে ২ মিলিয়ন ডলার খরচ করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে গার্ডিয়ান। যারা জলবায়ু নিয়ে বছর বছর বড় বড় সম্মেলন করেন সেই রুই-কাতলা গোছের বিলিয়নিয়ারাই আবার অনায়াসে প্রমোদতরীতে ঘুরে দেদারছে কার্বন নিঃসরণ করে বেড়ান। সভ্য শতাব্দীর এই সময়ে এসে প্রমোদতরীকে বড়লোকের আমোদের প্রতীক বলা হলেও এটি মূলত বঞ্চিতদের প্রতি সবচেয়ে বড় প্রহসনের একটি বলে মনে করেন সমাজতান্ত্রিক মনোভাবের সংশ্লিষ্টরা।