বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফার বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউপির সেলিমাবাদ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। রোববার বেলা ১১টা পর্যন্ত থেমে থেকে আগুন জ্বলছিল ধ্বংসস্তুপের মধ্যে।
এছাড়া দেলোয়ার হোসেন খলিফার বাড়ির আগুনে প্রতিবেশি জাকির খলিফার বাড়িতে আগুন ধরলেও, তেমন কোনো ক্ষতি হয়নি।
ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা বলেন, শনিবার রাত সাড়ে তিনটার দিকে পুরো বসতঘর, ঘরের সামনে থাকা একটি ওষুধের দোকান ও একটি ইলেক্ট্রিক পণ্যের দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ সামছউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।









































