অনলাইন ডেস্ক।।
নজিরবিহীন খাদ্য সংকটে নিমজ্জিত ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ জোরদারে উপত্যকাটির উপকূলে একটি ভাসমান বন্দর নির্মাণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষেত্রে ইসরায়েলের সহযোগী মার্কিন নেতার এ পদক্ষেপের সমালোচনা করছে ত্রাণ সংস্থাগুলো এবং গাজার কর্মকর্তারা। তারা বলছেন, বিমান বা সমুদ্রপথে সেখানে সহায়তা পৌঁছানো খুব কষ্টকর। ট্রাকের মাধ্যমে আরও বেশি খাদ্য ও ওষুধ সরবরাহ করার আহ্বান জানিয়েছেন তারা। খবর আলজাজিরা, বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।
গাজায় নির্বিচার হামলা শুরুর প্রথম থেকেই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বাইডেনকে। এরই মধ্যে গত বৃহস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দেন তিনি।
তবে এ ধরনের ভাসমান ঘাট এবং এর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এ তথ্য জানান। তিনি আরও বলেন, ভাসমান ঘাট এবং এর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণ সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১ হাজারের মতো সেনার প্রয়োজন হতে পারে।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইসরায়েল স্থলভাগে অতিরিক্ত ক্রসিং খোলার এবং ত্রাণ সহায়তা বাড়াতে অস্বীকৃতি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের নতুন এই উদ্যোগের লক্ষ্য হবে একটি সামুদ্রিক করিডোর যুক্ত করা। দেশটির পাশাপাশি ইউরোপীয় কমিশন, সংযুক্ত আরব আমিরাত, সাইপ্রাস এবং যুক্তরাজ্য সরাসরি সহায়তা প্রদানের জন্য এটি চালুর জন্য কাজ করে যাচ্ছে। দেশগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, স্থলপথে ত্রাণ পাঠানো বাড়াতে ইসরায়েলের সঙ্গে আলোচনা চলবে। ত্রাণ সরবরাহের আরও পথ এবং সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য ইসরায়েলকে তাগাদা দেওয়া হবে।
জাতিসংঘ বলছে, গাজার জনসংখ্যার এক-চতুর্থাংশই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে। গাজায় ত্রাণ সরবরাহ করাটাও কঠিন এবং বিপজ্জনক। গাজার বাসিন্দাদের জন্য সামরিক পরিবহন উড়োজাহাজ থেকে খাবার ফেলা শুরুর কয়েক দিন পরই ভাসমান ঘাট নির্মাণের এ ঘোষণা দিলেন বাইডেন।
দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস শুক্রবার বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা ‘জাজ্বল্যমান বিভ্রান্তি’। সাহায্য বিতরণ কোনো লজিস্টিক সমস্যা নয় বরং একটি ‘রাজনৈতিক’ ইস্যু। বিবৃতিতে গ্রুপটি বলেছে, ‘গাজার মানুষের জন্য যে খাদ্য, পানি এবং চিকিৎসাসামগ্রীর খুবই প্রয়োজন, তা সীমান্তের ওপারে (মিসরে) পড়ে আছে। ইসরায়েলকে খাদ্য সরবরাহ আটকানোর পরিবর্তে সহজতর করতে হবে।’
এদিকে সাইপ্রাস থেকে গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সরবরাহ করতে সমুদ্রপথে একটি করিডোর আজ রোববারের মধ্যেই চালু করা হতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। বাইডেন গাজায় অস্থায়ী সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনা জানানোর পর ইউরোপীয় ইউনিয়ন এই করিডোর চালুর ঘোষণা দিল। জরুরি ভিত্তিতে গাজায় ত্রাণ সরবরাহ করতে সমুদ্রপথে করিডোর চালুর উদ্যোগ নিচ্ছে ইইউ।
গাজার সবচেয়ে কাছের ইইউ সদস্য দেশ হচ্ছে সাইপ্রাস। গাজা থেকে এর দূরত্ব প্রায় ৩৭০ কিলোমিটার। দেশটি করিডোর চালুর জন্য কয়েক মাস ধরে লবি করে এসেছে। কিন্তু গাজায় নিরাপত্তা এবং বন্দর অবকাঠামোর অভাবে এ উদ্যোগ চ্যালেঞ্জের মুখে পড়েছে।
অবশেষে মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রালের সরবরাহ করা ২০০ টন খাদ্য নিয়ে স্প্যানিশ জাহাজ ‘ওপেন আর্মস’ আজ যাত্রা করবে। সাইপ্রাস থেকে যাত্রা শুরুর পর জাহাজটি আগামী কয়েকদিনের মধ্যে গাজায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তবে কোনো কার্যকর বন্দর না থাকায় জাহাজটি গাজায় পৌঁছালে কোথায় নোঙর করবে তা এখনও স্পষ্ট নয়।











































