Home আঞ্চলিক উন্নয়নের গুণগত মান নিশ্চিতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান

উন্নয়নের গুণগত মান নিশ্চিতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান

112

খুবিতে পরিবেশের ওপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, বাংলাদেশে উন্নয়নের গুণগত মান নিশ্চিত করার জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে না পারলে নাগরিক ও সমাজের জন্য উন্নয়ন ভালো ফল বয়ে আনতে পারবে না। এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত উদ্ভাবনই পারে পরিবেশের স্থায়িত্ব নিশ্চিত করতে। সুতরাং যে কোনো উন্নয়নের জন্য পরিবেশগত সমস্যা ও সম্পদ ব্যবস্থাপনা প্রধান দিক হওয়া উচিত।
আজ ০৩ মার্চ (রবিবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত পরিবেশের ওপর ‘টাইম ফর ন্যাচার এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক অডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে উচ্চশিক্ষায় মানসম্পন্ন গবেষণাকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এই ধরনের উদ্যোগ গবেষণার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, নতুন ধারণা, উদ্ভাবন এবং মূল গবেষণার ফলাফল প্রকাশের মাধ্যমে গবেষণার মান বাড়ানোর জন্য এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তরুণ গবেষকরা অন্যান্য গবেষকদের সাথে, বিশেষ করে একই ক্ষেত্রে কাজ করা সিনিয়রদের সাথে মতামত বিনিময় করার সুযোগ পান। এটি গবেষণার মান উন্নত করতে সহায়তা করে। তাই এ ধরনের সম্মেলন পরপর দু’বার আয়োজনের জন্য তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে আমাদের জীববৈচিত্র্যের একীকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রশমনের জন্য বিভিন্ন নীতি, পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে। এই ধরনের সম্মেলন গবেষক-বিজ্ঞানীদের একত্রিত করার পাশাপাশি নতুন নতুন ধারণা ও পরিকল্পনা কর্মসূচি গ্রহণে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই সম্মেলন থেকে ৭ দফা সুপারিশ করা হয়েছে। যার মধ্যে জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইকোসিস্টেম পরিষেবা, সামাজিক সুবিধা এবং জৈবিক সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত এই সম্মেলন নতুন প্রজন্মের বিজ্ঞানী তথা নবীন শিক্ষক, ছাত্র-ছাত্রীদের নানামুখী উপকারে আসবে এবং তারা গবেষণায় অনুপ্রাণিত হবেন। তিনি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষক ও বিজ্ঞানী এবং আয়োজক কমিটিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্যাট্রন হিসেবে বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বায়োডাইভারসিটি-সেক্টর ডয়েচে গেসেলশ্যাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামেনারবিট (জিআইজেড) জিএমবিএইচ এর কো-অর্ডিনেটর এবং এসওএনজি’র চিফ এডভাইজার ড. স্টেফান আলফ্রেড গ্রোইনওল্ড। সম্মেলনে গৃহীত ৭ দফা সুপারিশ তুলে ধরেন সম্মেলনের অরগানাইজিং সেক্রেটারি ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী।
সম্মেলনে অংশগ্রহণকারী ডেলিগেটদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ড. মো. খায়রুল আলম, দ্য স্পেস রিসার্চ সেন্টার অব দ্য পোলিশ এর একাডেমি অব সায়েন্স ড. ম্যালগোরজাটা জেনরোভিচ-সানিকোস্ক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্ট্যাডিজ বিভাগের ড. শ্রীনিবাসন বালাচন্দ্রন, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. জগৎপতি তাহ, নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ডিপার্টমেনট অব এনভায়রনমেন্টাল সায়েন্স ড. গোবিন্দ প্রসাদ শর্মা। বিদেশি অতিথিবৃন্দ সম্মেলন সফল ও আতিথেয়তা চমৎকার বলে আখ্যায়িত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রাবেয়া সুলতানা।
এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, পোল্যান্ড, ইতালি এবং জার্মানি থেকে থেকে ২৪৫ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সম্মেলনে ১২৮টি ওরাল প্রেজেন্টেশন, ৪৮টি পোস্টার প্রেজেন্টেশন, ৬টি কি-নোট পেপারসহ ১৮৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে টেকনিক্যাল সেশনের বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড, বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড এবং আউটস্ট্যান্ডানিং রেজাল্টস এর পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অংশগ্রহণকারী গবেষক-বিজ্ঞানীরা দুপুরে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

 

যৌথ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে
খুবির সাথে ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের এমওইউ

যৌথ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ০৩ মার্চ (রবিবার) সকাল ৯.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এম. এম. সাক্সেনা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। বক্তব্যের শুরুতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে এর পরিচিতি বিদেশি অতিথিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সকলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যার ফলে এ বছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। উপাচার্য বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ফ্রেমওয়ার্ক অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া সকল ডিসিপ্লিন ওবিই কারিকুলামের আওতায় রয়েছে। স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক ইতিবাচক ফলাফলের একটি উজ্জ্বল উদাহরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এম. সাক্সেনা বলেন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধন ও উদ্ভাবনের জন্য কাজ করার প্রতিশ্রুতি এই এমওইউ। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও তাঁতিয়া বিশ্ববিদ্যালয় বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে নতুন ধারণার সৃষ্টি হবে। অতিশীঘ্রই এই এমওইউ’র আওতায় অনলাইন কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্টদের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। এর আগে ভাইস-চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক (একাডেমিক এন্ড রিসার্চ) ড. প্রাভিন কুমার শর্মা, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা ডক্টরেট প্রোগ্রামে ছাত্রদের অগ্রগতি, শিক্ষার্থীদের জন্য সুযোগ অন্বেষণ করা যেমন স্বল্পমেয়াদি/দীর্ঘমেয়াদি গতিশীলতা তথা গ্রীষ্মকালীন স্কুল, বিদেশে সেমিস্টার, অভিব্যক্তি প্রকাশ এবং বিনিময়, শিক্ষক, গবেষণা কর্মী ও প্রশাসনিক কর্মীদের বিনিময়ের সুযোগ চিহ্নিত করা, মাস্টার্স এবং পিএইচডি (প্রোগ্রাম) ছাত্রদের যৌথ তত্ত্বাবধান, শিক্ষক ও ছাত্রদের একে অপরের প্রতিষ্ঠানের একাডেমিক প্রোগ্রাম, গবেষণা প্রতিষ্ঠান ও এডুকেশনাল রিসোর্স সম্পর্কে সচেতন করা, যৌথ কর্মশালা, সম্মেলন ও সহ-প্রকাশনা, সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক এক্সচেঞ্জ তথা স্টাডি/কোর্স, রিসার্চসহ একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো।