আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে চিড়িয়াখানায় আকবর ও সীতা নামের দুই সিংহ-সিংহীর নাম বদলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। কয়েকদিন ধরে ভারতজুড়ে উত্তাল এই ইস্যু গড়ায় আদালতে। শুক্রবার আদালতের নির্দেশে এর অবসান ঘটল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই সিংহ ও সিংহীকে ত্রিপুরা থেকে এনে শিলিগুড়ির উপকন্ঠে ‘বেঙ্গল সাফারি’-তে রাখা হয়েছিল। ঝামেলা দেখা দেয় সিংহ দম্পতির নাম নিয়ে। চিড়িয়াখানা কৃর্তপক্ষ সিংহের নাম রেখেছিল “আকবর” আর সিংহীর নাম “সীতা”। তবে এই নামের বিরোধিতা করে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, এতে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। এনিয়ে তারাই জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে।
জনস্বার্থে দায়ের করা এই মামলার রায়ে ওই সিংহ ও সিংহীর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
আদালতে বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবীরা দাবি করেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়বে এবং সামাজিক অস্থিরতার আশঙ্কা রয়েছে।
আদালত রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান, যে তিনি তার পোষ্যের নাম হিন্দু দেবদেবীদের নামে অথবা ইসলামের নবীর নামের রাখবেন কী না? বিচারক আরও বলেন, দেশের একটা বড় অংশ সীতার পুজো করেন এবং আকবর একজন ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কেউ কি কোনও প্রাণীর নাম রাখতে পারবেন?
শুনানি চলাকালে রাজ্যের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে এই দুটি প্রাণীর নাম যথাক্রমে ২০১৬ এবং ২০১৮ সালে ত্রিপুরায় রাখা হয়েছিল। কিন্তু তারা এখানে আসার পরই নাম নিয়ে এই বিতর্ক শুরু হয়েছে। তিনি আদালতকে প্রতিশ্রুতি দেন যে দুটি নামই বদলিয়ে দেওয়া হবে। বিশ্ব হিন্দু পরিষদের রিট আবেদন খারিজ করারও অনুরোধ জানান সরকারি আইনজীবী।











































