স্পোর্টস ডেস্ক।।
শুক্রবার ভারতের ঝাড়খন্ডের রাজধানী রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থটি। রাঁচি টেস্ট বাতিলে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার হয়েছে।
এমন ভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে বসবাস করা ভারতের সরকার ঘোষিত সন্ত্রাসীর তালিকায় থাকা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এ অভিযোগে ঝাড়খন্ড পুলিশ গুরপতবন্ত সিংয়ের বিরুদ্ধে মামলা করেছে।
গুরপতবন্ত সিং একটি ভিডিও বার্তায় নিষিদ্ধ সিপিআইকে (মাওবাদী) অনুরোধ করেছেন যেন চতুর্থ টেস্টে বিঘ্ন ঘটানো হয়।
রাঁচির উপকণ্ঠে অবস্থিত হাতিয়া শহর পুলিশের ডিএসপি পিকে মিশ্র সংবাদকর্মীদের বলেন, ‘রাঁচিতে ম্যাচ বাতিল করতে ইংল্যান্ড ও ভারতের দলকে হুমকি দিয়েছেন গুরপতবন্ত সিং। তিনি এর পাশাপাশি সিপিআইকে (মাওবাদী) অনুরোধ করেছেন, ম্যাচ বাতিল করতে যেন বিঘ্ন ঘটানো হয়। তথ্যপ্রযুক্তি আইনের অধীন ধুরওয়া থানায় তার বিরুদ্ধে এফআইআর গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে।’
তিনি আরও জানিয়েছেন, চতুর্থ টেস্ট ঘিরে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। রাঁচি পুলিশের এসএসপি চন্দন কুমার সিনহা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে চতুর্থ টেস্টে প্রায় ১ হাজার পুলিশ মোতায়েন করা হবে।
ভারতের আরেকটি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভিডিওতে একটি পুরুষ কণ্ঠ নিজেকে গুরপতবন্ত সিং পান্নুন বলে দাবি করেন। মাওবাদীদের কমান্ডার রবীন্দ্র গান্ঝুকে তিনি ম্যাচের দিন মাঠে বিশৃঙ্খলা তৈরির অনুরোধ করেন।










































