স্টাফ রিপোর্টার।।
বাগেরহাটের মোংলায় মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থীকে এতিমখানার আবাসিক কক্ষে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আউয়াল সরদার (৩৫) উপজেলার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে। মামলার পর তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা আউয়াল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানায়, গত ১০ ফেব্রুয়ারি আউয়াল সুন্দরবন ইউনিয়নের আগা মাদুরপাল্টা গ্রামে হযরত শাহ আলম (রঃ) তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এক শিশু শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন চালায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় এক ইউপি সদস্যের ছত্রছায়ায় এলাকার প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়। পরে ১৪ ফ্রেব্রুয়ারি দুপুরে আউয়াল মাদ্রসার আবাসিক এলাকায় আরও এক শিশুকে বলাৎকারের চেষ্টা করে।
এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি ২ শিশুর ওপর যৌন নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ পেয়েছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, তার বিরুদ্ধে এরকম অনেক অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি আউয়ালকে বিচারের মুখোমুখি করারও দাবি জানান।











































