স্পোর্টস ডেস্ক।।
অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পান মোস্তাফিজুর রহমান। পরে তাকে হাসপাতালেও নেওয়া হয়। চলমান বিপিএলে চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় ফিরেছেন দ্য ফিজ খ্যাত এই তারকা। এবার চোটে আক্রান্ত এই পেসারের সুস্থতা কামনায় বার্তা পাঠিয়েছে তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংস।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে চেন্নাই টাইগার পেসারের উদ্দেশে বার্তা দিয়েছে। মোস্তাফিজের একটি ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ‘স্পিডি রিকভারি ফিজ, দ্রুত সুস্থ হয়ে ওঠো।’
গত রবিবার অনুশীলনে লিটন দাসকে বোলিং করে নিজের মার্কে ফিরে যাচ্ছিলেন মোস্তাফিজ। তখনই পাশের নেটে ব্যাট করা ম্যাথু ফোর্ডের করা শট এসে এই পেসারের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, রক্তও বের হয়। এরপর মোস্তাফিজকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ২ কোটি রুপিতে ২৮ বছর বয়সী মোস্তাফিজকে কিনে নেয় চেন্নাই।











































