খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, একুশের চেতনায় শপথ নিয়ে আমাদের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। ভাষা আন্দোলনের সাথে যাদের কোনো সম্পর্কই ছিল না, তাদের সামনে আনা হচ্ছে। মূলত তমদ্দুন মজলিসসহ যারা ইসলামী ধ্যান-ধারণা লালন করেন, তারাই ভাষা আন্দোলনের পুরোধা ছিলেন। যারা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করতে অবদান রেখেছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ ভাষা আন্দোলনের ইতিহাসকে গোপন করা হয়েছে। যারা ভাষা আন্দোলনে বিরাট অবদান রেখেছেন তাদের অনেককে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। তৎকালীন ডাকসুর জিএস প্রফেসর গোলাম আযম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছিলেন। তিনি সহ অনেকেই ভাষার জন্য জেলে গিয়েছিলেন। অথচ প্রফেসর গোলাম আযমের অবদানকে গোপন করা হচ্ছে। তিনি বলেন, ইতিহাসকে গায়ের জোরে মুছে ফেলা যাবে না। আমাদেরকে বর্তমান প্রজন্মের নিকট ভাষা আন্দোলনের সত্য ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতির কবল থেকে জাতিকে মুক্ত করতে আমাদের এগিয়ে আসতে হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তেব্য তিনি এ সব কথা বলেন।
এ সময় আরও রাখেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।
তিনি আরও বলেন, ভাষা সেনানী মরহুম অধ্যাপক গোলাম আযম দেশের সম্পদ। ইতিহাসে প্রত্যেকের অবদান সঠিকভাবে তুলে ধরতে হবে। এ সময় তিনি ভাষা শহীদদের মাগফেরাত কামনা করেন ও ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছিলেন তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।
বাগেরহাটে ইউপি সদস্যের নামের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম খানের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের শ্রেনিখালী এলাকায় স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ একত্রিক হয়ে এই কর্মসূচি পালন করেন।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, পুটিখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য শাফিয়া বেগম, সেলিনা বেগম, ইউপি সদস্য শহিদুল ইসলাম মল্লিক, কালাম শেখ, সিদ্দিকুর রহমান, মাসুদ আলম হাওলাদার, আবুল হাসান তালুকদার, স্থানীয় আয়শা বেগম, ফুলবানু বিবি, সরোয়ার হাওলাদার, সোহেল খান, বাবর আলী প্রমুখ।
বক্তারা বলে, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম কখনও অন্যায় করেন না। তার ওয়ার্ডে ঘর, ট্যাংকিসহ সরকারি সুবিধা পেতে কোন টাকা বা ঘুষ লাগে না। কিন্তু তার প্রতিপক্ষরা তার বিরুদ্ধে সরকারি সুবিধা প্রদানের বিপরীতে টাকা গ্রহনের অভিযোগ করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মিথ্যা অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
পুটিখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম খান বলেন, পর পর তিনবার আমি ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি এর সুষ্ঠ সমাধান চাই।##
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক উপজেলা ভূমি অফিসে কর্মচারীর মৃত্যু হয়েছে। এ সময় অপর সঙ্গী আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গেট এলাকা দিয়ে প্রতিদিনের মত তানবীর আজিজ(৩০) তার মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় ভূমি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্ডবিল মোড়ে পৌচারে একটি দ্রুত গতির বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার মোটরসাইকেল বাসের নিচে পড়ে প্রায় ১০০ ফুট ভিতরে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজে পাঠান। সেখান থেকে ঢাকায় পাঠালে পথে তানবীরের মৃত্যু হয়।
নিহত তানবীর চুয়াডাঙ্গা পৌরএলাকার বাস টার্মিনাল পাড়ার বাসিন্দা। তিনি আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী পদে কর্মরত ছিলেন।আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক দেবাশীষ মন্ডল জানান, বাসের চালক পালিয়ে গেছে এবং বাসটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুয়েটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন (জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন), সকাল ০৯টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদগণের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল।
পাইকগাছায় ভ্রম্যমান আদালতে মুদি ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা ও দেড় মাসের জেল
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় এক মুদি ব্যবসায়ী সরকারী জমিতে গোডাউন তৈরী করায় ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। সোমবার সন্ধ্যা সাতটার সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আদালত বসিয়ে ওই মুদি ব্যবসায়ীকে জরিমানা করেন।
ভ্রম্যমান আদালতের পেশকার আনিছুর রহমান, জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের নরীম সরদারের ছেলে শহিদুল সরদার(৬০) মৌখালী বাজরের পাশে সরকারী জায়গায় মুদি দোকানের গোডাউ তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিলো। সংবাদ পেয়ে রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সেখানে হাজির হয়ে ভ্রম্যমান আদালত বসান। এ সময় ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারায় ৩ লক্ষ টাকা জরিমানা ও ১৫ দিন জেল দেন ওই ব্যবসায়ীকে। অনাদায়ে আরো এক মাসে সাজা দেয়া হয়। মঙ্গলবার সকালে সাজার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন; সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, মেয়রের বাস ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন, মাতৃসদন, পৌর গ্যারেজ, এ্যাসফল্ট প্লান্ট, ওয়ার্ড অফিসসহ কমিউনিটি সেন্টার ও কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহিদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।
সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উম্মুক্ত রাখা হয়েছে এবং ‘খ’ বিভাগের জন্য ‘গ্রামবাংলা’ ও ‘গ’ বিভাগের জন্য ‘একুশের ভাষা আন্দোলন’ বিষয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘একুশের চেতনা ও বর্তমান বাংলাদেশ’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অবদান’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। মাতৃভাষা বাংলার দাবিতে এদেশের দামাল ছেলেরা সেদিন যে আন্দোলনের সূচনা করেছিল সেই আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামে রূপ লাভ করে। নতুন প্রজন্মের অনেকেই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানে না উল্লেখ করে তিনি তাদের মাঝে সকল আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
সিটি মেয়র মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামবাদ কলেজিয়েট স্কুলে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র ফিতা কেটে শহিদ মিনারের উদ্বোধন করেন।
স্কুলের অধ্য আবু দারদা মোহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু, আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু, মোঃ জাকির হোসেন বিপ্লব ও সংরতি আসনের কাউন্সিলর মাহামুদা বেগম। স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক ও শিার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর গল্লামারীতে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট-এর ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে প্রথম পর্বে ভর্তি হওয়া শিার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কারিগরি শিা সম্প্রসারণ করেছে। এ জন্য স্বতন্ত্র ইনস্টিটিউট গড়ে তোলার পাশাপাশি সকল স্কুলে কারিগরি বিভাগ খোলা হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে নিজ নিজ বিষয়ে দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ইনস্টিটিউটের অধ্য প্রকৌশলী বিভাস কান্তি মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সিএসএস-খুলনার পরিচালক (প্রশাসন ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট) মোঃ মঈনউদ্দিন খান ও উপাধ্য আশুতোষ কুমার বিশ্বাস ও ফয়সাল আলম। অন্যান্যের মধ্যে নবাগত শিার্থী মোঃ সহিদুর রহমান, মোঃ জিনারুল ইসলাম, রায়হান হোসেন, মোঃ ইমতিয়াজ আহমেদ, সইমুন হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আজ ২১ ফেব্রুয়ারি (বুধবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, এর পরপরই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন। এছাড়াও বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
খুবির গণিত ডিসিপ্লিনের ৪ কৃতি শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান
খবর বিজ্ঞপ্তি
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের চার শিক্ষার্থীকে ১১তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হয়। এ সময় তাদের হাতে সনদপত্র ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। ১১তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মোঃ আহসান উল্লাহ, বিএসসি অনার্স-২০২০, পুলক কুন্ডু, বিএসসি অনার্স-২০২১, মো. মেহেদী হাসান রাসেল, এমএসসি (থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০২০ এবং আফসানা নাজমিন এমএসসি (নন-থিসিস) অ্যাপ্লাইড ম্যাথমেটিকস-২০২০।
গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) রাজু রায় এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহ্বায়ক গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার ফিরোজ আহম্মেদ। গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন পুলক কুন্ডু । অনুষ্ঠানে সংশ্লিষ্ট গণিত ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন সম্ভব। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন দেশে গণিত চর্চায় অনুপ্রেরণা ও উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত ১১ বছর ধরে প্রবর্তিত এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বক্তারা অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। একই সাথে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অব্যাহত এই প্রচেষ্টা ও অনুদান মেধাবী শিক্ষার্থীদের উপকৃত ও অনুপ্রাণিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে বৃদ্ধের হাত-পা বিচ্ছিন্ন
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের কোপে বাবুল খাঁন (৬০) নামে এক বৃদ্ধের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের হামারোল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বাবুল খাঁন লোহাগড়া উপজেলার হামারোল গ্রামের মৃত রিজাউল খাঁনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশেম খাঁন সমর্থিত লোকজনদের সঙ্গে একই গ্রামের আজাদ মোল্যা সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। সোমবার বিকেলে ওই গ্রামের বাবুল খাঁন নড়াইল জেলা শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাদা বাজার এলাকায় পৌঁছান। এ সময় প্রতিপক্ষ আজাদ মোল্যা সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবুলকে ধাওয়া করলে তিনি প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী আমাদা গ্রামের জামাল শেখের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবুল খাঁনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। অস্ত্রের কোপে বাবুলের ডান হাত এবং ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ওসি কাঞ্চন কুমার রায় বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘাত এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগ পেলে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ৫০ নেতাকর্মী কারাগারে
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
নাশকতার দুই মামলায় মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আকরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ৫০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদপুর আমলি দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমনা পাল সব নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সবাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর মহম্মদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের ওপর অতর্কিত হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এরপর পুলিশ ককটেল উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র পুলিশ বাদী হয়ে মহম্মদপুর থানায় ১০১ জনের নাম উল্লেখসহ ১ হাজার ৩০০ জনকে অজ্ঞাত করে বিস্ফোরণ আইনে একটি মামলা দায়ের করেন।
এরপর ১ নভেম্বর উপজেলার ধোয়াইল আদর্শ নুরানি হাফেজি মাদ্রাসা ও এতিমখানার সামনে রাত ১২টার দিকে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা নাশকতা করার জন্য জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। পরে ২ নভেম্বর এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ককটেল বিস্ফোরণ অভিযোগে স্থানীয় বিএনপির ১৯৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আসামিপক্ষের আইনজীবী শাহেদ হাসান টগর ও মো. মনিরুল ইসলাম মুকুল জানান, নির্বাচনের আগে আন্দোলন দমানোর জন্য নাশকতার নামে বিএনপি নেতাকর্মীদের নামে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের দায়ের কোপে জামিল সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম বলেন, একই বংশের লোকজনের মধ্যে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সকালে জামিল সরদার তার সুপারির বিষয় জানতে চাইলে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ওঠে। আর ধারালো অস্ত্র দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মণিরামপুরে হামলার শিকার থানার সেকেন্ড অফিসার
যশোর অফিস
যশোরের মণিরামপুরে অবরুদ্ধ করে রাখা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন থানার সেকেন্ড অফিসার আবু বক্কার। সোমবার রাতে স্থানীয় পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ কয়েকজনকে আটক করেছে।
আহত পুলিশ অফিসার আবু বক্কর জানান, পৌর কাউন্সিলর বাবুল ও আদমের নেতৃত্বে একদল লোক পৌরসভা কার্যালয়ের সামনে মোশারফ নামে এক শাড়ি ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায়। এতে সেকেন্ড অফিসার আবু বক্কারের শরীরের বিভিন্ন স্থানে জখম হন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মীর রেজাউল হোসেন জানান, এ ঘটনার নেতৃত্বদানকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
প্রথমবার ব্যাংক ঋণ পেলেন উপকূলের মাছচাষিরা
স্টাফ রিপোর্টার
বিভিন্ন খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণ দেওয়া হলেও যুগের পর যুগ বঞ্চিত উপকূলের মাছচাষিরা। প্রথমবারের মতো খুলনা অঞ্চলের মাঠপর্যায়ের মাছচাষিদের ব্যাংক ঋণের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার ৪৭ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
খুলনার একটি হোটেলে কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা তাদের হাতে ঋণের চেক তুলে দেন। কর্মশালার আয়োজন করে অগ্রণী ব্যাংক। এতে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক শেখ দীন মহম্মদ।
অনুষ্ঠানে বলা হয়, প্রথম ধাপে খুলনা জেলার ৬৯ জন মাছচাষি ৮ কোটি ৪৯ লাখ টাকা ঋণ পাবেন। তপশিলি ব্যাংকগুলো তাদের বিভিন্ন শাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করবে। ঋণ পাওয়া কয়রা উপজেলার চাষি মো. মনিরুজ্জামান বলেন, ব্যাংক ঋণ না পাওয়ায় স্থানীয় সমিতি থেকে মোটা সুদে ঋণ নিয়ে চাষিদের ঘের ও সাদা মাছ চাষ করতে হয়। এই গুচ্ছ সিএমএসএমই ঋণ কার্যক্রমে ক্ষুদ্র চাষিরা ঘুরে দাঁড়াতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু সাঈদ মো. আরিফ-উল ইসলাম, অতিরিক্ত পরিচালক মনজুর রহমান, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক নূরুল হুদা, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম। সার্বিক আয়োজনে ছিলেন অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মশিউল ইসলাম।
এস এম হাসান রেজা বলেন, গুচ্ছভিত্তিক অর্থায়ন জনপ্রিয় একটি ধারণা। এতদিন মাছচাষিরা এই বাইরে ছিল। এখন থেকে তারাও গুচ্ছঋণ পাবেন।
নড়াইলে স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার (মঙ্গলবার) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। দেশে ইতোমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন অনুষঙ্গের প্রয়োগ শুরু হয়েছে। এর মাধ্যমে মানুষের জীবন সহজতর হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতসহ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের নাগরিকদেরও স্মার্ট হতে হবে। আমাদের গণমাধ্যমগুলো ও গণমাধ্যমকর্মীরাও স্মার্ট বাংলাদেশ ভাবনার মধ্যে রয়েছেন। গণমাধ্যম শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও সুসংহত হয়। গণমাধ্যমকে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত রাখতে হবে। তথ্য প্রযুক্তির অনেক ইতিবাচক দিক রয়েছে। একইসাথে প্রযুক্তির অপব্যবহার বন্ধে কাজ করা প্রয়োজন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি’র সঞ্চালনায় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। সেমিনারে নড়াইল জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা অংশ নেন।
মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়ে প্রাণ গেল একজনের
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ডাম্বলপুর এলাকায় মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে আলমসাধুর ধাক্কায় লিটন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত লিটন আলমডাঙ্গা উপজেলার রেলজগন্নাথপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন জানান, সোমবার রাতে লিটন ও ফারুক দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার পাটিকাবাড়িয়া এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে আলমডাঙ্গা ডাম্বলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি আলমসাধু তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লিটন মারা যান।
তিনি আরো জানান, এর আগে আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
ইতালি যাওয়ার পথে নৌকাডুবি, নিহতদের ৫ জনের বাড়ি মাদারীপুরে
খুলনাঞ্চল রিপোর্ট
সমুদ্র পথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরে। তারা রাজৈর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আদরের সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো।
তারা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের মিজানুর রহমান কাজীর ছেলে সজীব কাজী (১৯), খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ (২২), একই ইউনিয়নের সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২২), কদমবাড়ির ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (২৪), কবিরাজপুর ইউনিয়নের কেশরদিয়া গ্রামের কাওসার হোসেন (২২)।
বাকি তিনজন হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামের দাদন মিয়ার ছেলে রিফাদ (২১), দিকনগর ইউনিয়নের ফতেয়পট্টি এলাকার মো. রাসেল (২০) ও গয়লাকান্দি গ্রামের পান্নু শেখের ছেলে ইসরুল কায়েস আপন (২২)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি রাজৈর ও গোপালগঞ্জের কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তারা লিবিয়ায় অবস্থান করেন। এরপর দালালের মাধ্যমে বুধবার (১৪ ফেব্রুয়ারি) লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ৩২ জন ধারণক্ষমতার নৌকায় ৫২ জনকে নিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেন। পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে ইঞ্জিনে আগুন ধরে ভূমধ্যসাগরে ডুবে যায়। এসময় আট বাংলাদেশি যুবক মারা যায়।
উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের সজীব কাজীর বাবা মিজানুর রহমান কাজী বলেন, ধারদেনা করে এ টাকা সংগ্রহ করেছিলাম। এখন পাওনাদার টাকার জন্য চাপ দিতে শুরু করেছে। মানসিকভাবে অসহায় হয়ে পড়েছি। সরকারের সহযোগিতা ছাড়া বেঁচে থাকা কঠিন হবে। মাসে কিস্তির টাকা কীভাবে দেবো জানি না। ভেবেছিলাম ছেলে ইতালি যেতে পারলে আর দুঃখ থাকবে না।
রাজৈরের খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের নিহত মামুন শেখের বড় ভাই সজিব শেখ বলেন, পাচারকারী চক্রের সক্রিয় সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সুন্দরদী গ্রামের বাদশা কাজীর ছেলে মোশারফ কাজী। দালাল মোশারফ কাজী প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ১৩-১৫ লাখ টাকা করে নেয়। পরে অতিরিক্ত যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকায় লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে পাঠালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী বলেন, জমি, গরু বিক্রি করে, ঋণ করে ১৫ লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালি যাওয়ার জন্য পাঠাই। কিন্তু আমাদের সেই স্বপ্ন সত্যি হলো না। সব স্বপ্ন সাগরে শেষ হয়ে গেলো। আমরা একেবারে পথে বসে গেছি। এখন আমরা কি করবো। আমার ছেলে গেলো, সঙ্গে আমাদের সব শেষ হয়ে গেলো। এ ঘটনায় আমরা দালাল মোশারফ কাজীর কঠিন বিচার চাই।
মাদারীপুরের সচেতন নাগরিক কমিটির সদস্য ইয়াকুব খান শিশির বলেন, জেলায় বিভিন্ন সময় অবৈধভাবে ইতালি যাওয়ার পথে প্রাণনাশের ঘটনা ঘটে। তবুও এ জেলা থেকে এভাবে ইতালি যাওয়া বন্ধ হচ্ছে না। এগুলো বন্ধ করা জরুরি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, অবৈধভাবে ইতালি যাওয়ার পথে রাজৈর উপজেলার পাঁচ যুবক মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাটি খুব মর্মান্তিক। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় দালালচক্র। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান। সম্প্রতি তিউনিসিয়ার ভূমধ্যসাগরে মাদারীপুরের পাঁচজনসহ বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ মিনারের বেহাল দশা, দেখার যেন কেউ নেই
সাতক্ষীরা প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বুধবার (২১ ফেব্রুয়ারি)। রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ মিনার।
তবে সাতক্ষীরা পাটকেলঘাটা থানার কেন্দ্রীয় শহীদ মিনারটির দেখাশোনার জন্য যেন কেউ নেই। শহীদ মিনারের চারপাশে জমে আছে পানি। এ অবস্থায় শ্রদ্ধা জানানো নিয়ে বিপত্তি দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটকেলঘাটা ঐতিহাসিক ফুটবল ময়দানে ভাষাশহীদদের স্মরণে আশির দশকে তৈরি করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারটি। তবে অযত্ন-অবহেলায় বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে শহীদ মিনারের পাদদেশ। একুশে ফেব্রুয়ারিতে কোনোরকম জোড়াতালি দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর আর কেউ মনে রাখেন না।
কলেজছাত্র রাশেদুজ্জামান বলেন, ‘পাটকেলঘাটার শহীদ মিনারটির অবস্থা বেহাল। শহীদ মিনারের যত্ন না নিলে ভবিষ্যতে উঠতি বয়সের শিক্ষার্থীদের মধ্যে ভাষাশহীদদের গুরুত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে।’
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, ‘ফুটবল মাঠের পানি সরানোর পথ বন্ধ হয়ে যাওয়ায় এমনটি হয়েছে। তারপরও গতবছর মাটি দিয়ে সংস্কার করা হয়েছিল। তবে রাতের আঁধারে সেখান থেকে কে বা কারা মাটি কেটে নিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসন করে বিকেলের মধ্যে শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হবে।
তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, জায়গাটি নিচু হওয়ায় সেখানে পানি জমে ছিল। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সেখানে বালু ফেলার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনারের অফিসের সামনে যুবকের লাশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এক অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশটি শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
তবে ভূমি অফিসে সেবা নিতে আসা এক নারী জানান, মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়রায়। অনেক আগেই তার মা-বাবার বিচ্ছেদ হওয়ায় নানা বাড়ি বদ্দিপুর গ্রামে থাকতেন। পরে মাদকাসক্ত হয়ে পড়েন এবং নানার বাড়ি থাকতেন না। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতেন।
কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, যুবকটি অসুস্থ ছিল, সম্ভবত নেশা করতো। তার পেটের নিচে টিউমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থজনিত কারণে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফকিরহাটে তপন স্মৃতি ৪দলীয় ফুটবল টুর্ণামেন্ট আগামী শনিবার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে তপন স্মৃতি চতুর্থ চার দলীয় ফুটবল টুর্ণামেন্ট খেলার শুভ উদ্ভোধন আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মের্সাস বেতাগা ট্রের্ডাস এর সার্বিক তত্তাবধায়নে এ খেলায় রুপসার কাজদিয়া মুনসুর স্মৃতি সংঘ, ফকিরহাট সদর বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড, নলধা খড়রিয়া স্পটিং ক্লাব ও মুলঘর ইউনিয়ন পরিষদ অংশ গ্রহন করবেন। খেলার শুভ উদ্ভোধন করবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বাগেরহাট পৌর মেয়র ও ফুটবল ফেডারেশনের সভাপতি খান হাবিবুর রহমান। উক্ত খেলা উপভোগ করার জন্য মের্সাস বেতাগা ট্রের্ডাস এর পক্ষ হতে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
বেনাপোলে হেরোইনসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বশির (৪৫) ও একই থানার দৌলতপুর গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে মিলন শেখ (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ বশির ও মিলন নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। আটক হেরোইনের মূল্য ৬০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবার বেনাপোল নোম্যান্সল্যান্ডে স্বল্প পরিসরে হবে যৌথ ২১ উদযাপন
বেনাপোল প্রতিনিধি ঃ
কাল মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার স্বল্প পরিসরে যশোরের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে কাঠ, বাঁশের তৈরি অস্থায়ী শহীদ মিনারের প্রস্তুতির কাজ চলছে। শ্রদ্ধা জানাবেন দুই দেশের রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে অস্থায়ী শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু করছে শ্রমিকেরা।
অন্যান্য সময় উৎসবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রক্তদান, বই মেলা সহ নানা কর্মসূচিতে মিলন মেলা অনুষ্ঠিত হলেও এবার তা স্বল্প পরিসরে উদযাপিত হবে।
উপজেলা শার্শার আওয়ামী লীগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সংসদ শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নোম্যান্সল্যান্ডে শহীদ মিনারে পুষ্প অর্পণ করবেন। অন্যদিকে ভারতের পক্ষে শ্রদ্ধা জানাবেন ভারতের উত্তর ২৪ পরগনার বিধায়ক (এম এল এ) শ্রী নারায়ন গোস্বামী নেতৃত্বে ২০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব। দুই সীমান্তে বিভিন্ন সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান, এবারের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে অল্প সময়ের জন্য শহিদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। বিশেষ এ দিনে স্বপ্ল পরিসরে দুই বাংলা এক সাথে মিলিত হতে পারে। এ সময় আনন্দে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন দু-বাংলার ভাষাপ্রেমী মানুষ।
ভারতে পাচার ২ নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
বেনাপোল প্রতিনিধি,
ভারতে পাচার হওয়া বাংলাদেশী দুই নারী দীর্ঘ আড়াই বছর পর ট্রাভেল পারমিট এর মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)বিকালে বিজিবি বিএসএফের উপস্থিতিতে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ফেরত আসা নারীরা জানান দালালের খপ্পরে পড়ে প্রায় আড়াই বছর আগে ভারতে পাচার হন।পরে ভারতের পুলিশ কর্তৃক আটক হলে তারা জেল হাজতে প্রেরন করেন।এর পর জেল হাজত থেকে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে দেশে ফিরে আসি।
তারা হলো গোপালগঞ্জ কাশিয়ানি থানা ও ঢাকা গেন্ডারিয়া থানার বাসিন্দা। এ ব্যাপারে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দুই নারীকে হস্তান্তর করেছে।ইমিগ্রেশনে আইনি পক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়।
দাকোপে রাজনৈতি অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে সেন্টার ফর ন্যাচারাল রির্সোস এন্ড ষ্ট্যাডিস (সিএনআরএস) এর ইভল্ভ প্রকল্পের সহযোগিতায় রাজনৈতি অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষন বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি অফিসের হল রুমে ১৯-২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সচিব এস এম ইমরান আলী, পংকোজ সরকার, ইউপি সদস্য হানজালা শেখ, বিতিকা রায়, রবীন মোড়ল। প্রশিক্ষণ প্রদান করেন প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার মান্নান, ইভল্ভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মিলন চৌধুরী, মাঠ সংগঠক পলি দাস, তৃপ্তি মন্ডল। উপজেলার ৬টি ইউনিয়নের জন প্রতিনিধি ও নেটওয়ার্ক সদস্য বৃন্দ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
মোল্লা সামছুর রহমান শাহীন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ফিশারীজ’র কো-চেয়ারম্যান মনোনীত
খবর বিজ্ঞপ্তি :
ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র ২০২৩-২০২৫ অর্থ বছরের স্ট্যান্ডিং কমিটি অন ফিশারীজ’র কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি মোল্লা সামছুর রহমান (শাহীন) কে এফবিসিসিআই’র সভাপতি মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী, সহ-সভাপতি শমি কায়সার এ মনোনয়ন দেন।
একই সঙ্গে স্ট্যান্ডিং কমিটি অন ফিশারীজ’র চেয়ারম্যান করা হয়েছে নন পেকার ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি চট্রগ্রামের বাবুল আক্তারকে এবং ডাইরেক্টর ইনচার্জ করা হয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেনকে।
মোল্লা সামছুর রহমান (শাহীন) ২০১০, ২০১৩ ও ২০২১ সালেও খুলনা থেকে মৎস্য ও সমাজ উন্নয়নে পুরস্কার লাভ করেন। তিনি জাতীয় এগ্রিকালচার শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক ও ২০২৪-২৭ অর্থ বছরের খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি। এছাড়া বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’র সরকার মনোনীত ব্যবস্থাপনা কমিটির সদস্য।
এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটি অন ফিশারীজ’র এ কমিটিতে খুলনা চিংড়ি ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অয়াহিদুজ্জামান মঞ্জিলকে সদস্য, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন ও গ্লোবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রহমান তুহিনকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।
এদিকে, মোল্লা সামছুর রহমান (শাহীন) কে (এফবিসিসিআই)’র স্ট্যান্ডিং কমিটি অন ফিশারীজ’র কো-চেয়ারম্যান মনোনীত করায় ফোয়াব খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক এমএ মান্নান বাবলু, সদস্য সচিব শেখ সাকিল হোসেন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’র সহ-সভাপতি বিকাশ চন্দ্র সরকার, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মহিদুল ইসলামসহ খুলনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা আগামী দিনে মৎস্য সেক্টরকে শক্তিশালী করতে তার অভিজ্ঞতা মতামত কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইন্দুরকানীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা ঃ
‘‘শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মাঠে উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে ইন্দুরকানীতে দুই দিন ব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ উপলক্ষে ক্রীড়া,সাংস্কৃতিক,কুইজ প্রতিযোগীতা,কাবিং কার্যক্রম ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম,ইউআরসি কর্মকর্তা তপন কুমার,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসইন,সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান,উজেলা জাতীয় পার্টি জেপি যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ দুলাল,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক উত্তম কুমার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগন । এতে উপজেলার ৫টি ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইভেন্টের প্রথম স্থান অধিকারকারীদের নিয়ে উপজেলা পর্যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গোপনে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,ঃ
কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধিদের না জানিয়ে গোপনে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের (ম্যানেজিং কমিটির) সভাপতির বিরুদ্ধে। গোপনে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কে কেন্দ্র করে ফুসে উঠেছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষকরা। এদিকে জরুরি মিটিং ডেকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিদের ম্যানেজ করার জন্য দোড়ঝাপ শুরেু করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধিদের সূত্রে জানাগেছে,তাদেরকে কিছু না জানিয়ে ও কোন রেজুলেশন না করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান ও সভাপতি আমিনুর রহমান গোপনে মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাদেরে অভিযোগ কবে,কখন,কোথায় কিভাবে এ নিয়োগ দেওয়া হল তা তারা কিছুই জানেন না।
সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে কিছুই জাননেনা বলে বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি নাজমিন সুলতানা জানান,আমি একজন শিক্ষক প্রতিনিধি আমার তো রেজুলেশনে সই থাকবে কিন্তু এ ব্যাপারে প্রধান শিক্ষক আমাকে অবগত করেননি। আমি জানার পর প্রধান শিক্ষকের নিকট জানতে চ্ইালে তিনি অস্বীকার করেন। তবে নিয়োগ হয়ে গেছে বলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমার কাছে স্বীকার করেছেন।
শিক্ষক প্রতিনিধি রিজাউল হোসেন জানান,এ বিষয়ে আমি না, কেউ কিছুই জানেনা। আমাদের জানারও কথা না। হেড মাস্টার যে কায়দায় চলে আমাদের সে কায়দায় চলতে হয়। প্রতিনিধি হিসেবে রেজুলেশনে স্বাক্ষরের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ প্রতিবেদককে জানান,কোন কায়দায় হয়তো লিখে টিকে নিয়েছে বা আমারদের স্বাক্ষর হয়তো জাল করেছেন। তবে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সম্পের্কে আমরা কেও স্বাক্ষর করিনি,কোনো মিটিংও হয়নি । এখন হেড মাস্টার জাল জোয়োচুরি করে করতে পারে এটা তার বিষয়।
এ ব্যাপারে কোনো কিছুই জানেননা বলে শিক্ষক প্রতিনিধি গোলাম ফারুখ বলেন,শুনছি নিয়োগ হযেছে। রেজুলেশনে স্বাক্ষরের বিষয়ে তিনি একবার বলেন করেছি আবার বলেন অন্য প্রতিনিধিরা যদি স্বাক্ষর না করে থাকে তাহলে আমিও করিনি। সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো আলোচনা ও সার্কুলার হয়নি বলে তিনি স্বীকার করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠো ফোনে (০১৭৫৭-৫৬৬০৪৯) নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করে ফোনটি বন্ধ করে দেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান বলেন, আমি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এখানে কোন জাল জালিয়াতি কায়দায় নিয়োগ হয়নি। যে শিক্ষরা অভিযোগ করেছেন তারা মিথ্যা অভিযোগ করেছে। তার কোন সত্যতা নেই।
চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া জানান, কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আমি জানি।
মহেশপুরে ১৭০ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,
মহান ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার নেই ১৭০ শিক্ষা প্রতিষ্ঠানে ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ টিতে ভাষা শহীদদের স্মরণে নেই কোনো শহীদ মিনার। প্রতিবছর ভাষার মাস এলেই এ নিয়ে কথা হয়, আলাপ আলোচনা হয় কিন্তু কার্যকরি কোনো পদক্ষেপের অভাবে আর বাস্তবায়ন হয় না। ১৯৫২ সালেল ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস পালন করা হতো। বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয়। সরকারিভাবে প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারী পালনের নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া শিক্ষার্থীরা ২১ ফেব্রায়ারি পালনেও অভ্যস্ত। এত কিছুর পরও উপজেলার ১ শত ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে আজও নির্মিত হয়নি কোনো শহীদ মিনার। মাত্র ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। এর মধ্যে আবার অনেক শহীদ মিনার অযন্ত,অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মহেশপুরে ১শ ৫২টির মধ্যে সরকারি প্রাইমারি স্কুলের মাত্র ২২ টিতে শহীদ মিনার রয়েছে। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল আছে ৮৪ টি। এর মধ্যে শহীদ মিনার আছে ৪২ টিতে, ২৫ টি মাদ্রাসার কোনোটিতে শহীদ মিনার নেই, ১০টি কলেজের মধ্যে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ বাদে ৯ টিতে শহীদ মিনার আছে। সব মিলিয়ে ২৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৬৫ টিতে শহীদ মিনার অছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য উপর থেকে নির্দেশনা আসছে পরিষদে এটা ওঠানো হয়েছে। পরিষদ থেকে এটা করার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে আমরা জোরালো কোন পদক্ষেপ পাই নাই। সে কারনে আমরা কোন সিদ্ধান্তে পৌছাইতে পারিনি।
এ ব্যাপারে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য সরকারী নর্দেশনা আছে কিন্তু বরাদ্দ নেই তবে আমরা স্থানীয় চেয়ারম্যানদের সহযোগীতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য উদ্দ্যোগ নিয়েছি।
শায়খুল হাদীস আল্লামা মোনাওয়ার হোসাইন মাদানী হুজুর (রহঃ) খুলনা’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শায়খুল হাদীস আল্লামা মোনাওয়ার হোসাইন মাদানী হুজুর (রহঃ) খুলনা’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল উদ্যাপন করার লক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি ’২৪ তারিখ শনিবার মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সে খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুফতী মাওঃ আঃ রাজ্জাক মিঞার আহ্বানে ও তাঁর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ মার্চ ’২৪ শনিবার সকাল ৯টায় খুলনা টাইন জামে মসজিদে মরহুম মাদানী হুজুরের কর্মময় জীবনের উপর আলোচনা, খতমে কোরআন, খতমে বোখারী ও দূরুদসহ জিয়াফত মাহ্ফিল করার প্রস্তুতি গ্রহণ এবং ১৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠিত হয়। কমিটির সদস্য হলেন আলহালজ্ব মুফতী আঃ রাজ্জাক মিঞা, মাওঃ আব্দুর রহমান, মাওঃ ইদ্রিস আলী, আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান সিদ্দিকী, মাওঃ রফিকুল ইসলাম, এ এফ এম নাজমুস সউদ, মাওঃ আব্দুর রউফ, মাওঃ ডি এম নূরুল ইসলাম, মাওঃ গোলজার হোসাইন, মাওঃ মুহিবুল্লাহ, ডাঃ হাসামুল বাল্লা, অধ্যাপক আহাদ আলী, আলহাজ্ব ফারুক, এ্যাড. রহুল আমিন সিদ্দিকী, হাফেজ মাওঃ নূরুল্লাহ খান।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক মাদানী হুজুরের ছাত্র, সহকর্মী ও শুভাকাক্সিক্ষদেরকে আগামী ২৯ ফেব্রুয়ারি ’২৪ তারিখের মধ্যে নিম্নোক্তদের সাথে যোগাযোগ করে নাম রেজিস্ট্রি করে ডেলিগেট কার্ড সংগ্রহ করার আহ্বান জানানো হয়। যোগাযোগকারীরা হলেন আলহালজ্ব মুফতী আঃ রাজ্জাক মিঞা, সাবেক উপাধ্যক্ষ, খুলনা আলিয়া মাদ্রাসা (০১৭১৬ ৬৭৯৯৭১); মাওঃ আব্দুর রহমান, অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদ্রাসা (০১৯২০ ০৬৬৪৩১); মাওঃ ইদ্রিস আলী, অধ্যক্ষ, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (০১৭০৩ ৭৪৭৪৩৮); আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান সিদ্দিকী, সহকারী অধ্যাপক, খান বাহাদুর আহসানুল্লহ্ কলেজ (০১৭১২ ৪৫০৬৩৬); মাওঃ রফিকুল ইসলাম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন (০১৭১১ ২৬১০৫১)। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা।
সাতক্ষীরায় তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
“আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৫ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সুমনা আইরিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
দক্ষিণাঞ্চলসহ দেশের খ্যাতিমান লেখকদের বই নিয়ে এবারের এ মেলায় ৩৫ টি স্টল স্থান পেয়েছে।











































