দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
পূর্ব দ্বন্দ্বের জের ধরে মসজিদের মাইকে ডেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোপালদিয়াড় ও বাঁশবাড়িয়া নামক দুটি গ্রামের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৮ জন আহতও হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে সেবাবাগ বাজারে গোপালদিয়াড় ও বাঁশবাড়িয়া দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মসজিদের মাইকে ডেকে মারামারির জন্য লোকজন একত্রিত করে বাঁশবাড়িয়া গ্রামবাসীরা।
এলাকাবাসী জানান, সোমবার রাত ৮টার দিকে সুন্দরপুর হাটবোয়ালিয়া বাজারে বাঁশবাড়িয়া গ্রামের ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে গোলযোগ বাঁধে গোপালদিয়াড় গ্রামের এনামুল নামের আরেক ব্যক্তির। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় হাটবোয়ালিয়া বাজারে থাকা লোকজন তাদের দুজনকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
এরপর তারা গ্রামে ফিরে উভয়ে তাদের গ্রামের মানুষকে বিষয়টি জানায়। পরে ইমরানকে নিয়ে তার পরিবারের সদস্যরা বাড়ি ফেরার সময় গোপালদিয়াড় গ্রামবাসী সেবাবাগ বাজার নামক স্থানে আবার ঝামেলা শুরু হলে বাঁশবাড়িয়া গ্রামের মসজিদের মাইকে মাইকিং করে মারামারির জন্য লোকজনকে একত্রিত করে।
এ ঘটনায় উভয় গ্রামবাসীর সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আলমডাঙ্গা থানা, ওসমানপুর পুলিশ ফাঁড়ি ও হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিতি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশ না করে কয়েকজন গ্রামবাসী বলেন, মাইকে শুনে আমরা ঘটনাস্থলে আসি। তবে পুলিশ দ্রুত পৌঁছেছে বলেই বড় ধরনের ঘটনা ঘটেনি।
আহতরা হলেন- বাঁশবাড়িয়া গ্রামের ইউনুচ আলীর ছেলে নান্নু (৩৩), মহিদুল ইসলামের ছেলে জীবন আলী (২৮) ও মৃত ফাকের আলীর ছেলে ইউসুচ আলী (৫৫); গোপালদিয়াড় গ্রামের জামাত আলীল ছেলে আশিক (২৪), মৃত আজগর আলীর ছেলে চাঁদ আলী (৫২), শুকুর আলীর ছেলে ইকলাচুর রহমান (৩০), আক্তার আলীর ছেলে সাহাবুল হক (৩৫) ও আব্দুল বারেক আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, মাইকে প্রচারের বিষয়টি আমার জানা নেই। তবে দুই গ্রামের কয়েকজন মানুষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। কোনো পক্ষের অভিযোগ পায়নি। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।











































