Home আঞ্চলিক বাগেরহাটে জেএমবির ৮ সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা

বাগেরহাটে জেএমবির ৮ সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা

63

বাগেরহাট প্রতিনিধি।।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. আকাশ ওরফে বাবু, মো. হাবিবুল্লাহ, মো. কবিরুল ও মিজানুর রহমানকে ৩ বছর করে জেল ও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এছাড়া মো. জহিরুল ইসলাম, মো. মাকসুদুর রহমান ওরফে তোতা ও মো. মোরশেদ আলমকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আসামি মো. সাইফুল ইসলাম ও মো. তরিকুল ইসলামকে ১ বছর সাজা প্রদান করা হয়েছে। এদের সবার বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন এপিপি মো. শহীদুজ্জামান।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালি গ্রামের সাফায়েত শেখের বাড়িতে পরিত্যক্ত টিনের ঘরে জেএমবির অস্ত্রধারী ১২ থেকে ১৩ জন সদস্য অস্ত্রসহ গোপন বৈঠক করছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এদেরকে ঘিরে ফেল। এরপর জেএমবি সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টাগুলি চালায়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে মো. আকাশ ওরফে বাবু, মো. হাবিবুল্লাহ, মো. কবিরুল এবং মিজানুর রহমানকে আটক করে। বাকি সাত থেকে আটজন সদস্য পালিয়ে যায়। এরপর কচুয়া থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এরপর দীর্ঘ ৭ মাস পর ২০১৭ সালের মে মাসে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ৭ বছর পর ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অবশেষে এই রায় প্রদান করা হল।