ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের দশম আসরে চলছে সিলেট পর্ব। টুর্নামেন্টের অষ্টম ম্যাচ ডে-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
শুরুতেই টস পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
চলমান বিপিএল শুরুর আগে নামের ভারে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স দুই দলকেই বেশ এগিয়ে রেখেছিলেন ক্রিকেটবোদ্ধারা। তবে আসর শুরু হতেই দেখা গেছে উল্টো চিত্র।
দশম বিপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবগুলোতেই হারের মুখ দেখেছে সিলেট। মাশরাফী বিন মোর্ত্তজার দল আছে টেবিলের তলানীতে। প্লে অফে যেতে চাইলে এখন থেকে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করলেও এরপর টানা ৩ ম্যাচে হারের মুখ দেখেছে বরিশাল। তামিম ইকবালের দল আছে টেবিলের পঞ্চম স্থানে। হারের মাঝে থাকা দুই দলই চাইবে জয়ের দেখা পেতে। তবে শেষ হাসি কারা হাসে সেটাই এখন দেখার।











































