স্পোর্টস ডেস্ক
গত ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। এতদিনে ধাপে ধাপে অন্যান্য ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে বসলেও বাকি ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিপিএল খেলার জন্য দুজনই এখন সিলেটে। এই দুই তারকার সঙ্গে কথা বলতে সিলেটেই চলে যান তদন্ত কমিটির সদস্যরা। আজ সোমবার হয় সেই বৈঠক।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তদন্ত কমিটির প্রধান এনায়েত সিরাজ। দুই তারকার সঙ্গে কী কথা হয়েছে এমন প্রশ্নে তার উত্তর, `এটা গণমাধ্যমে বলার মতো না। কারণ এটা খুবই গোপনভাবে হয়েছে। পরে আপনারা জানতে পারবেন।’ সাকিব-তামিম দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা হয়েছে বলেও জানান তিনি।
তবে কার্যকরী আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন সিরাজ, ‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। … (কথা বলা) সব শেষ হয়ে গিয়েছে। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব৷’
উল্লেখ্য, গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। নয়টি ম্যাচের সাতটিতে হারা বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। তবে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ।
কিন্তু দারুণ ছন্দে থাকার পরও এমন ভরাডুবির কারণ খুঁজে বের করতে গত ২৯ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। এনায়েত সিরাজকে প্রধান করে তৈরি করা সেই কমিটির অন্য দুই সদস্য হলেন মাহবুব আনাম ও আকরাম খান।











































