ঢাকা অফিস
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আমি স্পষ্টভাষায় বলছি, বাংলাদেশের জনগণ সীমান্তে হত্যাকাণ্ড নীরবে মেনে নেবে না। দেশের জনগণ এখন সোচ্চার। বিচার একদিন হবেই।
তিনি সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আমরা লক্ষ্য করেছি যে, ভারত সব সময় বলে আসছে- আমরা বাংলাদেশের পাশে আছি। অথচ সীমান্তে বিজিবি ও বাংলাদেশের নাগরিক হত্যা নিত্যদিনের ঘটনা। তাহলে প্রশ্ন- বাংলাদেশের জনগণ ও বিজিবির প্রতি তাদের এ বিদ্বেষ কেন?
অলি বলেন, বর্তমান সরকার এ হত্যাকাণ্ডের ন্যূনতম কার্যকরি প্রতিবাদ করছে না। জাতির জন্য যা খুবই দুঃখজনক। আমি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মহানগরের থানায় থানায়, জেলা-উপজেলা এবং পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম।











































