ঢাকা অফিস
কোনো সংগঠনই সড়ক দুর্ঘটনার পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করতে পারে না বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেছেন, বিভিন্ন সংগঠন নিজেদের মতো করে পরিসংখ্যান দেওয়ায় জনমনে বিভ্রান্ত তৈরি হচ্ছে। ফলে নতুন করে আর পরিসংখ্যান প্রকাশ করবে না নিসচা।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত সড়ক দুর্ঘটনার বিভ্রান্তিকর পরিসংখ্যান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, নিসচা ২০১২ সাল থেকে যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছে। সেদিন থেকে আমরা সরকার ও দেশবাসীকে জানিয়ে আসছি এই কাজটি আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে শুরু করেছি। সারা দেশে আমাদের যতগুলো শাখা রয়েছে তাদের দেওয়া তথ্য এবং পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল-এর সংবাদ ও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমরা এই তথ্য সংগ্রহ করতাম। সেইসঙ্গে বলেও আসছি এটা পর্যাপ্ত নয় এবং ডাটা সংগ্রহের জন্য এটা যথেষ্ট নয়। আমরা যে পদ্ধতি অবলম্বন করছি সেটা সেকেন্ডারি তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করেছি।
তিনি বলেন, ২০১২ সাল থেকে ‘সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান’ ২০২২ সাল পর্যন্ত জাতির সামনে তুলে ধরেছি। কিন্তু যখন দেখলাম আমাদের দেখাদেখি অনেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করছে এবং নানা বিতর্ক তৈরি হচ্ছে তখন এ বছর এসে আমি ২০২৩ সালের পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাইয়ের সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, যুগ্ম মহাসচিব গণি মিয়া বাবুল, মহাসচিব লিটন এরশাদ, ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।











































