খুলনাঞ্চল ডেস্ক।।
বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দেশটির এই অবস্থান জানান মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, হাজার হাজার বিরোধী রাজনীতিককে গ্রেপ্তার ও নির্বাচনের দিন অনিয়মের খবরে তারা এখনো উদ্বিগ্ন।
বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগের বিবৃতি স্মরণ করিয়ে দিয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, অন্যান্য পর্যবেক্ষকের মতো আমাদেরও মত হচ্ছে- নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। আমরা
দুঃখিত যে, সব দল অংশগ্রহণ করেনি এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে সহিংস ঘটনায় আমরা নিন্দা জানাই।
মিলার আরও বলেন, সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ছাড়া সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে যক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী- এ বিষয়ে জানতে চাইলে ম্যাথু মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলের সদস্য গ্রেপ্তার ও নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তবে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে।











































