ঝিনাইদহ প্রতিনিধি।।
মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এক চোরাকারবারির গুলিতে দুই চোরাকারবারির নিহত হওয়ার পর সীমান্ত এলাকায় এখন প্রধান আলোচনার বিষয় চোরাচালান সিন্ডিকেট নিয়ে। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি, পুলিশ ও বিজিবি’র সহযোগিতায় ঝিনাইদহের সীমান্ত উপজেলা মহেশপুরে বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে চোরাচালান সিন্ডিকেটের ভয়ঙ্কর শক্তিশালী নেটওয়ার্ক। যাদের নাম শুনলে এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে থাকেন।
এই সিন্ডিকেট মূলত ভাড়ায় অস্ত্র আনা-নেয়া, সোনার বার ও মানবপাচার করে থাকে। আর এই কাজে প্রধান সহযোগী হলো সীমান্তে বসবাসকারী কতিপয় জনপ্রতিনিধি, বিজিবির সোর্স ও প্রভাবশালী রাজনৈতিক নেতারা। বাঘাডাঙ্গা গ্রামে শামিম হোসেন ও মন্টু মিয়া নামের দুই ব্যক্তি নিহত হওয়ার নেপথ্যে ছিল চোরাকারবারির টাকা ভাগাভাগী নিয়ে দ্বন্দ্ব। তারা মূলত বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতির নিয়ন্ত্রণে থেকে পাচার কাজে নিয়োজিত ছিল বলে অভিযোগ রয়েছে।
নেপা ইউনিয়নের ৮নং বিটের এসআই মো. জমির হোসেন জানান, তরিকুল ইসলাম আকালে ও রফিকের মধ্যে প্রায় ৬ মাস ধরে চোরাচালানের টাকা ভাগাভাগী নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সীমান্তে তাদের একটি শক্তিশালী সিন্ডিকেট আছে। এই বিরোধের জের ধরে দেড় মাস আগে নিহত শামিমকে কুপিয়ে আহত করেছিল ঘাতক আকালের বাহিনী।
বুধবার সকালে নিহত শামিমের পিতা শামসুল ঘাস কাটতে মাঠে যাওয়ার সময় আকালে ও তার ভাই ইব্রাহীম এবং ভগ্নিপতি আব্দুল জলিল তাকে গালিগালাজ করে। বিষয়টি বাড়ি এসে জানালে শামিম, তার চাচা মন্টু মণ্ডল ও পিতা শামসুল দেশী অস্ত্র নিয়ে আকালের বাড়িতে আক্রমণ চালায়। এসময় আকালে তার কাছে থাকা অবৈধ নাইনএমএম পিস্তল (৭.৬২) দিয়ে নিজ বাড়ির সাদ থেকে গুলি চালিয়ে চাচা মন্টু মণ্ডল ও ভাতিজা শামিমকে খুন করে পালিয়ে যায়।
এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় শামসুল মণ্ডল।
স্থানীয় ইউপি মেম্বর ও বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা ওবাইদুল ইসলাম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। তরিকুল ইসলাম আকালে সম্ভবত ভারতে পালিয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে হামলাকারী ও নিহত উভয় পাচারকারী হিসেবে পরিচিত। টাকা ভাগাভাগী নিয়ে তারা দ্বন্দ্বে জড়িয়ে খুন হয়েছে। তিনি বলেন, থানায় এখনো কোনো মামলা হয়নি তবে এজাহার হাতে পেলে এ ঘটনার সঙ্গে আরও কারা কারা সম্পৃক্ত আছে তা জানা যাবে।
এদিকে মহেশপুর সীমান্তের বিভিন্ন গ্রামে একাধিক ভয়ঙ্কর সিন্ডিকেট রয়েছে। এই সব অবৈধ অস্ত্রধারী সিন্ডিকেটের ভয়ে এলাকার সাধারণ মানুষ সব সময় আতঙ্কের মধ্যে জীবনযাপন করেন। সিন্ডিকেটের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি, মহেশপুর থানা ও বিজিবির সহযোগিতায় এলাকায় ভয়ঙ্কর এক জনপদে পরিণত করেছে। এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাই না। পুলিশ ও বিজিবির সোর্স পরিচয় দিয়ে কতিপয় ব্যক্তি এই চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করে বলে তথ্যানুসন্ধানে উঠে এসেছে। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, মহেশপুরের ৯টি গ্রাম একেবারেই ভারত সীমান্তঘেঁষা হওয়ায় এদিক দিয়ে প্রতিনিয়ত সোনা, অস্ত্র, গরু ও ধুড় পাচার করা হয়। গ্রামগুলোর মধ্যে রয়েছে বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, যাদবপুর, জুলুলী, লেবুতলা, মরকধ্বজপুর, শ্যামকুড়, রায়পুর ও কচুয়ারপোতা। এরমধ্যে মকরধ্বজপুর, বাঘাডাঙ্গা ও রায়পুর দিয়ে ভারতীয় গরু ও বাংলাদেশি ধুড় পাচার, বাঘাডাঙ্গা ও শ্যামকুড় বর্ডার দিয়ে আগ্নেয়াস্ত্র এবং লেবুতলা ও রায়পুর বর্ডার দিয়ে সোনা পাচার হয়ে থাকে।
বিজিবি’র সোর্স পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি সীমান্তের এই ঘাটগুলো নিয়ন্ত্রণ করে। তথ্যানুসন্ধানে জানা গেছে, রায়পুর সীমান্তে কুটি মিয়া, শ্যামকুড় এলাকায় আলী, ন্যাপা এলাকা নিয়ন্ত্রণ করেন নওশের খোড়া, হুদাপাড়া, কাঞ্চনপুর ও বাঘাডাঙ্গা এলাকা নিয়ন্ত্রণ করেন আল আমিন ও রতনপুর এলাকাও নিয়ন্ত্রণ করেন আল আমিন। এরা সবাই বিজিবি’র কথিত সোর্স পরিচয় দিয়ে চোরাকারবারিদের সহায়তা করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। তবে বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত কেউ সীমান্তের চোরাচালান নিয়ে কথা বলতে রাজি হননি। বাঘাডাঙ্গা বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার শরাফৎ আলী ও টুআইসি হাবিলদার আব্দুল আজিজ এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মহেশপুর ৫৮ বিজিবি’র এক কর্মকর্তা জানান, তাদের কোনো সোর্স নেই। তারা নিজস্ব গোয়েন্দা নজরদারি দিয়ে চোরাচালানসহ সীমান্তে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করেন। বিজিবি’র নাম ভাঙিয়ে যারা চোরাকারবারিদের সহায়তা করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।











































