Home জাতীয় টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন: নজরুল ইসলাম খান

টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন: নজরুল ইসলাম খান

25

ঢাকা অফিস।।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্য ‘জনমতের প্রতিফলন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ‘টিআইবি বিএনপির দালালি করছে’ সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘কেউ বলেনি এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। কাজেই টিআইবি যা বলেছে, এটা জনমতের প্রতিফলন। আমরা (বিএনপি) যা বলেছি, সেটাও জনমতের প্রতিফলন। ফলে যদি আমাদের কথা মিলে যায়, সেটা একজন আরেকজনকে পছন্দ করার জন্য না, এটা সত্য বলার জন্য।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘শুধু টিআইবি কেন, কে বলে নাই সেটা বলেন? কে বিএনপির কথাকে রিপিট করে প্রমাণ করে নাই যে, বিএনপি গত ১৫ বছর ধরে এই সরকারের স্বৈরাচারী প্রকৃতি এবং একদলীয় শাসন সম্বন্ধে যে কথা বলেছে, এটা কোনো দেশ-বিদেশ, কোনো প্রতিষ্ঠান, কোনো সরকার বলেনি যে, বিএনপি সত্য কথা বলেনি।’

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া অভিমতে সাধুবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘ন্যায্য কথায়, বাংলাদেশের গণমানুষের পক্ষে যে বলবে, তাদের ধন্যবাদ জানাই। আমরা যা বলি, সেটা গুরুত্বপূর্ণ, জনগণ যা বলে সেটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘জনগণ এই সরকারের স্বৈরশাসন পছন্দ করে না, জনগণ এই সরকার যে অন্যায়ভাবে আমাদের নেতাদের গ্রেপ্তার করে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করে রাখা হয়েছে আমরা এর নিন্দা জানাই। যারা এসব অন্যায়-অনাচার-জুলুম-নির্যাতন-নিপীড়ন এবং ভোট চুরির সমালোচনা করে, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।’

জিয়াউর রহমানের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়ার কবরে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে স্থায়ী কমিটির দুই সদস্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, কেন্দ্রীয় নেতা মাহবুব উদ্দিন খোকন, সাখাওয়াত হাসান জীবন, কায়সার কামাল, তাইফুল ইসলাম টিপুসহ যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।