বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর (১৩) গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ছবি সংগৃহীত
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে একজনের নাম উল্লেখসহ ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন।
গ্রেফতার আসামি অহিদ মোড়ল (২৮) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। তিনি বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করেন।
পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওই প্যাকেটি দেখতে পান। প্যাকেটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি পড়ে দেখেন সেখানে লেখা আছে ‘মেমোরি কার্ডেটি একজন মেয়েকে দেখবেন। এছাড়া ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’
পরদিন ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন সেখানে তার মেয়ের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে।
তিনি চিঠির কথা মতো বৃহস্পতিবার (১৮ জানুয়রি) রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এসময় তিনিসহ অন্যান্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে। পরে অহিদ মোড়লকে ধরে থানা পুলিশে সোপর্দ করেন।
অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন কীভাবে ধারণ করেছে তা কিশোরী ও তার পরিবারের লোকজন জানেন না। ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে তারা জানান।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) আসামিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে। মামলা তদন্তধীন।











































