Home জাতীয় ভোটের আগে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

ভোটের আগে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

55

ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ছুটি ঘোষণা করায় টানা তিন দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। এই ছুটিতে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ ২৬ হাজার ৫৮৮ জন সিম ব্যবহারকারী।
গত ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এসব সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বিটিআরসি’র তথ্য বলছে, গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে ঢাকা ছাড়া শুরু করে নগরবাসী। সেদিন ১৩ লাখ ৫৭ হাজার ৭৩৩ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে গ্রামীণফোনের সিম আছে ৩ লাখ ৩৭ হাজার ২১০টি, রবির সিম আছে ২ লাখ ৮২ হাজার ২৪৮টি, বাংলালিংকের সিম আছে ৬ লাখ ৩৬ হাজার ৭২৪টি এবং টেলিটকের সিম আছে ১ লাখ ১ হাজার ৫৫১ টি।

পরের দিন শুক্রবার (৫ জানুয়ারি) ঢাকার বাইরে গেছেন ১৬ লাখ ৪৩ হাজার ৯৭৭ মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে গ্রামীণফোনের সিম আছে ৫ লাখ ৫৭ হাজার ৯০৯টি, রবির সিম আছে ২ লাখ ৯৮ হাজার ৮৬০টি, বাংলালিংকের সিম আছে ৬ লাখ ৮৭ হাজার ৪৩০টি এবং টেলিটকের সিম আছে ৯৯ হাজার ৭৭৮টি।

শনিবার (৬ জানুয়ারি) ১১ লাখ ২৪ হাজার ৮৭৮ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে গ্রামীণফোনের সিম আছে ৩ লাখ ৪৫ হাজার ৭৮৭টি, রবি’র সিম আছে ১ লাখ ৫৪ হাজার ৯০৭টি, বাংলালিংকের সিম আছে ৫ লাখ ৪০ হাজার ২৬টি এবং টেলিটকের সিম আছে ৮৪ হাজার ১৫৮ টি।

ঢাকায় বেশিরভাগ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে কর্মসূত্রে ঢাকায় থাকেন। যাদের অনেকেই এখানকার ভোটার না। টানা তিনদিনের ছুটি পেয়ে অনেকেই পরিবারসহ ঢাকার বাইরে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জিয়া রহমান বলেন, ঈদের সময় কোটি মোবাইল সিম ঢাকার বাইরে যায়। তাদের কয়জন ঢাকায় থাকেন? গণমাধ্যমগুলোতে দেখলাম লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। একদল ঢাকার ভোটারই নন আর আরেকদল ভোটার হলেও ছুটি কাটাতে ঢাকা ছেড়ে চলে যান।

এর আগে গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ইসির সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

ভোটের দিনের ছুটির পাশাপাশি ৫ এবং ৬ জানুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। তবে নির্বাচনী কাজে জড়িত নন এমন চাকরিজীবীরাই একটানা ৩ দিন ছুটি ভোগ করছেন।