Home জাতীয় বাসা থেকে বের হয়ে একটা রিকশাও পাইনি: মান্না

বাসা থেকে বের হয়ে একটা রিকশাও পাইনি: মান্না

39

ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি ভোট’ হিসেবে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মানুষ তো নাই। ভোটার নাই। এটা একটা ভোটার ছাড়া নির্বাচন।’

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

নিজেদের লড়াইকে জনগণের মুক্তি ও গণতন্ত্রের লড়াই বলে দাবি করে মান্না বলেন, ‘ভয় ও প্রলোভন দেখিয়ে কাজ হবে না। লড়াই চলতে থাকবে।’ প্রতিরোধের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা আছে বলেও উল্লেখ করেন নাগরিক ঐক্যের এই নেতা।

তিনি বলেন, যাদের বিভিন্ন ভাতা ও সুবিধা দেওয়া হয়েছে, তাদের সব কার্ড নিয়ে গেছে। ভোট দিতে যেতে হবে না হলে কার্ড পাবে না। মানুষ মনে মনে বলেছে নিয়ে যাও তুমি কার্ড। ভোটার নাই, এটা একটা ভোটার ছাড়া নির্বাচন। রবিবার হরতাল সবচেয়ে সফল। বাসা থেকে বের হয়ে একটা রিকশাও পাইনি।

মান্না আরও বলেন, সাত তারিখ পার হবে তাদের সঙ্কট দূর হবে না আর আমাদের আন্দোলনও বন্ধ হবে না। আমরা তোমাদের মানবো না। তোমাদের পদত্যাগ চাই। একটা অন্তর্র্বতীকালীন সরকার চাই, তার অধীনে নির্বাচন করবো।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দেশবাসী ডামি নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে। সরকারের নাশকতা ও উসকানি মোকাবিলা করে ভোট বর্জন করেছে। ভোট বর্জন করে মানুষ প্রমাণ করেছে, দেশে গণতন্ত্র নেই। দুঃশাসন ও ভোট ভোট খেলার বিরুদ্ধে মানুষের ভেতর যে ক্ষোভ, তার জবাব মানুষ দিয়েছে।’

দেশের মানুষ রবিবার ভোট দিতে যায়নি বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘মানুষ মনে করে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সে কারণে মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে জবাব দিয়েছে।’

দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন গণসংহতি আন্দোলনের এই নেতা। তিনি বলেন, ‘সারা বিশ্বও এই নির্বাচন প্রত্যাখ্যান করবে।’