Home আঞ্চলিক খুলনা-২: কেন্দ্রের সামনে নৌকার কর্মীদের ভিড়, ভেতরে ভোটার শূন্য

খুলনা-২: কেন্দ্রের সামনে নৌকার কর্মীদের ভিড়, ভেতরে ভোটার শূন্য

33

স্টাফ রিপোর্টার।।

খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। খুলনা মহানগরীর বেশিরভাগ ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম। বেলা ১১টার পর থেকে উপস্থিতি কিছুটা বেড়েছে। বেলা বারোটা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।

খুলনা-২ আসনের ৭টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোর সামনে নৌকার কর্মী-সমর্থকরা জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন। ভেতরটা ভোটার শূন্য। ভোটারদের কেন্দ্রে আনার জন্য ইজিবাইকের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলোতে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।

খুলনা পিটিআইয়ের ভেতরে ৪টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনে নৌকার কর্মীরা জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন।

১১৩নং পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৬৯৮ জন। বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে ১৩৫টি। ভোটের হার ৮ শতাংশ।

প্রিজাইডিং অফিসার মো. নজির উদ্দিন জানান, উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিটিআইয়ের ভেতরে জসীমউদ্দীন হল কেন্দ্রে বেলা বারোটা পর্যন্ত ২০৯ জন ভোট দিয়েছেন। কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৬৫০ জন।

একাডেমিক ভবন (নিচতলা) কেন্দ্রে ১২টা পর্যন্ত ২ হাজার ১৯ জন ভোটারের মধ্যে ১৯৫ জন ভোট দিয়েছেন। নগরীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র গিয়ে দেখা গেছে একই দৃশ্য। বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিড় করলেও ভেতরে ভোটার নেই।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উজ্জ্বল দেবনাথ জানান, বেলা বারোটা পর্যন্ত ৩৬৬ জন ভোট দিয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটার ১ হাজার ৫৪৩ জন।