খবর বিজ্ঞপ্তি
অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী বলেন, ফ্যাসিস্ট সরকার ও দলদাস নির্বাচন কমিশন ৭ জানুয়ারি একতরফা গণবিরোধী নির্বাচনের নামে দেশকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে। দেশের গণতন্ত্রকামী জনতা ও প্রতিনিধিত্বশীল বৃহৎ রাজনৈতিক দলগুলো কথিত একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে। অথচ আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফ্যাসিস্ট সরকারকে ফের ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ, আন্তর্জাতিক মহল এবং গণতান্ত্রিক বিশ্বের সমালোচনার মুখে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি প্রার্থী দিয়ে নাটক মঞ্চস্থ করছে। ভাগাভাগির প্রহসনের একতরফা নির্বাচন বন্ধ করুন। কারণ, জনগণ ওই পাতানো নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে। দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে তামাশার নির্বাচন বাতিল, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ে প্রদত্ত সাজা বাতিলসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বুধবার (৩ জানুয়ারি) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় জামায়াত নেতা আক্তারুজ্জামান, এবি এম মুহিব, আব্দুর রাজ্জাক, এনায়েতুর রহীম, আব্দুল জব্বার মৌলভী, এহতেশামুল হক, কবির উদ্দীন, মাহবুব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘সরকার দেশটাকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করেছে। বিনাভোটের সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই জামায়াতসহ বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। শীর্ষ নেতাদের অন্যায়ভাবে আটক করে নির্যাতন চালানো হচ্ছে। মূলত তারা গোটা দেশকেই ঘোষিত কারাগারে পরিণত করেছে।’ তিনি বলেন, ‘তাই এই ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন মোকাবিলায় সেনা, পুলিশ, র্যাব ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে চলমান আন্দোলনকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা ও জাতীয় নেতাদের মুক্তি নিশ্চিত করতে হবে। জনতার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।











































