Home আন্তর্জাতিক আরব সাগরে ৩ যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত

আরব সাগরে ৩ যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত

52

 

অনলাইন ডেস্ক।।

ভারতের নৌবাহিনী আরব সাগরে তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। ভারতীয় উপকূলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার শিকার হওয়ার পর ভারত এই পদক্ষেপ নিল। খবর পার্স টুডের

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আরব সাগরের আলাদা জায়গায় তিনটি স্টিলথ গাইডেড ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে যেকোনো হামলার ঘটনা মোকাবেলা করা যাবে বলে মন্ত্রণালয় দাবি করেছে।

গত শনিবার ভারতীয় উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে এমভি কেম প্লুটো নামে ওই ট্যাংকারটিতে ড্রোন হামলা হয়। হামলার পরপরই যুক্তরাষ্ট্র এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে। তবে তেহরান জোরালো ভাষায় তা প্রত্যাখ্যান করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েল অভিমুখী সব ধরনের জাহাজে হামলা চালাচ্ছে। এই হামলা ঠেকাতে কয়েকটি মিত্র দেশকে নিয়ে যুক্তরাষ্ট্র একটি টাস্ক ফোর্স গঠন করেছে।