Home Uncategorized বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ আজ

বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ আজ

40

ঢাকা অফিস।।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন এবং চলমান অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানী ঢাকাসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেছে বিএনপি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম ও পিপলস পার্টি ও লেবার পার্টি এবং জামায়াতে ইসলামী ও এবি পার্টিসহ সমমনা দল ও জোট এ কর্মসূচি পালন করে। রাজধানীতে পৃথকভাবে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। গত বৃহস্পতিবার দেশব্যাপী শুরু হওয়া তিন দিনের এ কর্মসূচি গতকাল শনিবার শেষ হয়েছে। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ভোটারদের প্রতি ভোট বর্জনের আহ্বান জানান সরকারবিরোধী এসব দলের নেতারা।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, সরকারের পদত্যাগসহ একদফা এবং নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আজ রবিবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো। এই কর্মসূচি শেষে নতুন কর্র্মসূচি ঘোষণা করবে বিএনপিসহ আন্দোলনরত দলগুলো। দলের নীতিনির্ধারণী ফোরামের সূত্রে জানা যায়, নতুন করে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপি : সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট ও গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দুপুরে সেগুনবাগিচা এলাকায় লিফলেট বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রামপুরা ও শাহজাহানপুরে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্যসচিব মো. আব্দুর রহিম, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু প্রমুখ।

যাত্রাবাড়ী এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসন। পল্টন ও প্রেসক্লাব এলাকায় এ কর্মসূচিতে ছিল অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। মিরপুরে লিফলেট বিতরণ করেছে বাঙলা কলেজ ছাত্রদল। লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামী : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল সকালে মতিঝিল, ডেমরা, সবুজবাগ, খিলগাঁও, ধানমণ্ডি, শনির আখড়া, বংশাল, কদমতলী, সূত্রাপুর, সদরঘাট, যাত্রাবাড়ী, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, বাড্ডা, মিরপুর, শেওড়াপাড়া, গুলশান, মোহাম্মদপুর, মগবাজার, হাতিরঝিল, তেজগাঁও, কাফরুলসহ রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

গণতন্ত্র মঞ্চ : সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, গণসংযোগ ও মিছিল করে গণতন্ত্র মঞ্চ। এতে অংশ নেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমন প্রমুখ।

১২ দলীয় জোট : দুপুরে ফকিরাপুল মোড়, নয়াপল্টন, কাকরাইল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ১২ দলীয় জোট। এতে অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মুফতি মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

সমমনা অন্যান্য জোট ও দল : জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দৈনিক বাংলা ও মতিঝিল শাপলা চত্বরে লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী সমমনা জোট। এ সময় উপস্থিত ছিলেন জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ। এ ছাড়া সায়েদাবাদ, আজমপুর, উত্তরা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করে এলডিপির নেতাকর্মীরা।

দৈনিক বাংলা মোড় হয়ে পল্টন এলাকায় লিফলেট বিতরণ করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সকালে পল্টন এলাকায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন করে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসানসহ অন্যরা।

বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাবের আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি। এ সময় উপস্থিত ছিলেন গণফোরামে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির বাবুল সরদার চাখারী প্রমুখ। মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বিকালে পল্টনে লিফলেট বিতরণ করে বাংলাদেশ লেবার পার্টি।

ভোট বর্জনের আহ্বান জানিয়ে দুপুরে রাজধানীর বিজয়-৭১ চত্বরে কর্মসূচি পালন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুসহ অন্যরা।