স্পোর্টস ডেস্ক
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচেই টাইগারদের হারিয়েছে কিউইরা। শেষ ম্যাচটি জিতলেই ঘরের মাঠে নাজমুল হোসেন শান্তর দলকে ধবল ধোলাই করবে গ্যারি স্টিডের শিষ্যরা।
সফরকারী বাংলাদেশ দুই ম্যাচ হারলেও ভালো ক্রিকেট খেলেছে বলে মনে করেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। এমনকি টিম টাইগার্স তাদের প্রতিনিয়ত চাপে ফেলছে বলেও জানালেন তিনি।
আগামী শনিবার ভোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রাচিন বলেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনো কখনো তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রাখছে। তাদের দিনে তারা ভালো দল।’
দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও শেষ ম্যাচটি হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপস বাহিনী। এই ম্যাচেও জয়ে চোখ তাদের। রাচিন বললেন, ‘নেলসনে ভালো সময় কেটেছে। আশা করছি জয় দিয়েই সিরিজ শেষ করব। ফলাফল যাই হোক আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে হবে।’











































