Home কলাম মানবাধিকার ও আজকের বাংলাদেশ

মানবাধিকার ও আজকের বাংলাদেশ

15

কাজী মোতাহার রহমান
বিশ্বের ৬শ’ কোটি মানুষ আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছে। মানবাধিকার সমুন্নত রাখার জন্য নানা অঙ্গীকার ও কর্মসূচি নেবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের অনেক স্বাধীন ও গণতান্ত্রিক দেশগুলোতে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এর মধ্যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ অন্যতম। এখানে মানবাধিকার পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। দেশে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে শাসকগোষ্ঠী। মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন মিশনে যেতে না পারেন দেশগুলোকেই তা নিশ্চিত করতে হবে বলে জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়ারো লাক্রোইক্স (মানবজমিন ২৭ জুন ২০২৩)। বিশেষ করে ২৮ অক্টোবর এর পর থেকে রাজনৈতিক অধিকার বঞ্চিত হচ্ছেন বিরোধী রাজনৈতিকরা। এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ভিত্তিক নাগরিক অধিকার গোষ্ঠী সিভিকাস মনিটর প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভিন্ন মতের কণ্ঠস্বরের বিরুদ্ধে দমন চালানো হচ্ছে। বিক্ষোভ মিছিল, মহাসমাবেশ থেকে ক্ষেত্রবিশেষ বাড়ি বাড়ি তল্লাসি চালিয়ে সরকার বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আইন শৃঙ্খলা বাহিনী নাশকতার মামলার ভয় দেখিয়ে নানা সুবিধা নিচ্ছে। অনেকে পরিবার-পরিজন ছাড়া। তাদের পরিবারে অসহায় অবস্থা সৃষ্টি হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় যতই কাছাকাছি আসছে দমন, নীপিড়ন, গ্রেফতার ও গায়েবী মামলার প্রবণতা বাড়ছে। আন্দোলন দমাতে শাসক গোষ্ঠীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করছে। কথায় কথায় লাঠিপেটা টিয়ার গ্যাস নিক্ষেপ, রাবার বুলেট ছোঁড়া হচ্ছে। মিছিলকরীদের লাঠিপেটা করে পুলিশের একজন সাব ইন্সপেক্টর বাদী হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অপর একজন সাব ইন্সপেক্টর তদন্তকারী কর্মকর্তা হিসেবে চার্জশিট দাখিল করেছে। এ তদন্ত কতখানি নিরপেক্ষ হবে তা প্রশ্ন রয়ে যায়। পুলিশের সাবেক আইজি শহিদুল হক ইতিমধ্যে গণমাধ্যমকে বলেছেন, শাসক গোষ্ঠী চায় পুলিশ তাদের নির্দেশ অনুসরণ করুক। বিলম্ব হলেও তিনি জাতির কাছে সত্য তুলে ধরেছেন। যা উদাহরণ হয়ে থাকবে। পাশাপাশি আয়না ঘর সৃষ্টি করে ভিন্নমতের মানুষদের অমানষিক নির্যাতন করা হয়েছে। যা মধ্যযুগীয় অত্যাচারের সামিল।

ন্যায্য মজুরীর দাবিতে পোশাক শ্রমিকদের ওপর দমন পীড়ন চালানো হচ্ছে। পোশাক শ্রমিকদের মজুরী মাসিক ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। এতে করে পরিবার পরিজন নিয়ে দু-বেলা খেয়ে থাকা তাদের জন্য কষ্টসাধ্য।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন ন্যায্য মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে দমন পীড়ন চালানো হয়েছে। পোশাক শ্রমিক নিহত হয়েছে। বি জি এম ই এ ১৩০ টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে।

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পেশাজীবীদের আন্দোলনে হুমকি দেয়া হচ্ছে। ভিন্নমতের সংবাদকর্মী, মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের নেতাদের বিচারিক হয়রানি করা হচ্ছে। দেশে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা দমনকারী আইন সংস্কারের ব্যর্থতায় গুরুতর সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি রয়েছে। দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ ভিত্তিক নাগরিক গোষ্ঠী সিভিকাস মনিটর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশের নাগরিকদের স্বাধীনতা দ্রুত কমেছে। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ওয়াচলিস্ট আপডেট করেছে সিভিকাস মনিটর। বাংলাদেশ নিয়ে তারা বলেছে ২০২৪ সালে এখানে দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন। এই নির্বাচনকে সামনে রেখে বিরোধীদল, মানবাধিকার কর্মী ও ভিন্নমতের গণমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে দমন নিপীড়ণ চালানো হচ্ছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের গবেষক জোসেফ বেনেডিট বলেছেন, বাংলাদেশ বিপদজনক পথে এগিয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের ওপর হামলা নজরদারি ভয় দেখানো এবং বিচারিক হয়রানির কারণে এ মাধ্যমে ব্যাপক স্ব-সেন্সরশীপ ছড়িয়ে পড়েছে। মত প্রকাশের অধিকার খর্ব করার সঙ্গে সম্পৃক্ত ৫ হাজার ৬শ মামলা এখনও চলমান। আলোচিত-সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইনে করা এসব মামলায় অনেক সাংবাদিক ও সম্পাদককে আসামি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন করা সাইবার আইনে উদ্বেগ রয়ে গেছে। দেশে বিচারিক হয়রানির উদাহরণ হিসেবে বিশেষজ্ঞরা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের মামলার কথা তুলে ধরেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে ৫৭ ধারার মামলায় খুলনা সাংবাদিক মোঃ আবু তৈয়েব, মুনির উদ্দিন আহমেদ ও মোঃ রাশিদুল ইসলাম হয়রানি হচ্ছে। অথচ এ ধারা ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে।

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস, মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানসহ বিভিন্ন ব্যক্তি হয়রানীর শিকার হচ্ছে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রয়াত মন্ত্রী যশোরের তরিকুল ইসলাম, আব্দুল আউয়াল মিন্টু গ্রামের বাড়ি দাগনভূঞয়ায় বোমা হামলা হয়েছে। ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি’র ৭২ টি কার্যালয় তালা ঝুলছে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পুলিশী পাহারা বসানো হয়েছে। দেশের কারাগার থেকে ৮২ হাজার বন্দী অবস্থান করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের এক বিবৃতিতে ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে এ পর্যন্ত সহিংসতায় অনেক নিহতের কথা উল্লেখ করেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতিতে বলেছে ২৮ অক্টোবর – ২৮ নভেম্বর পর্যন্ত সহিংসতায় পুলিশের দু’জন সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে (প্রথম আলো ২৯ নম্বর ২০০৩)। উল্লিখিত সময়ে ৫১৯ টি যানবাহন ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিদেশী কূটনীতিকরা ২৮ অক্টোবরের হামলার ফুটেজ দেখে কোন মন্তব্য করেনি। সচেতন মহল টকশোতে প্রশ্ন তুলেছেন ওই সময় প্রধান বিচারপতি বাসভবনে হামলা, পুলিশ, রাজনৈতিক কর্মী নিহত ও পুলিশ হাসপাতালে আগুন লাগার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী নীরব ছিল কেন?

রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের মেঝেতে ডান্ডা বেড়ি পড়িয়ে যশোর জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধুকে চিকিৎসা দেওয়া হচ্ছে (সমকাল ২৯ নম্বর ২০২৩)। পাবনা মানসিক মানসিক হাসপাতালেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে সরকারি দলের সমাবেশে অস্ত্র মহড়া দেয়া হয়েছে। রাজনীতিকরা দলীয় কর্মসূচিতে অস্ত্র প্রদর্শন করছে। প্রেক্ষাপট উল্লেখ করে বলতে হয়, দেশে ৫০ হাজার ৩১০ টি বৈধ অস্ত্রের মধ্যে শাসকদলের হাতে রয়েছে ৭ হাজার ৫৪৯টি। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১২ ধারা মতে কোন ব্যক্তির কাছে লাইসেন্স থাকুক বা না থাকুক যদি তিনি আগ্নেয়াস্ত্র এমনভাবে ব্যবহার করেন যাতে ঐ অস্ত্র বেআইনী উদ্দেশ্যে ব্যবহার হতে পারে বলে সন্দেহ হয় সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট বা অন্য যেকোনো বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার অস্ত্র জব্দ করতে পারেন। অস্ত্রের ভয় দেখিয়ে আর্থিক লাভবান হওয়ার জন্য অথবা কারো বিরক্তি তৈরি হতে পারে এমনভাবে প্রদর্শন করলে তাৎক্ষণিক বাতিল হওয়ার নির্দেশ রয়েছে (সমকাল ১ ডিসেম্বর ২০২৩)।

জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে বিচার প্রশাসনের গুরুতর সমস্যার মুখোমুখি করে বলেছে, তাদের স্বাধীনভাবে ন্যায় বিচার করার ক্ষমতা সম্পর্কে নানা সন্দেহ তৈরি হয়েছে। প্রতিনিধিদল বিচার বহির্ভূত হত্যার ঘটনায় আইন প্রয়োগকারীদের দায় মুক্তি এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে বিরাজমান গভীর উদ্যোগের কারণে জনগণের আস্থা ভেঙ্গে পড়ার কথা জানিয়েছে। স্বল্প সময়ের মধ্যে বিরোধী দলের ৮৪২জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অথচ দেশের আদালতগুলোতে ৪২ লাখ মামলা বিচারাধীন।

দেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক করার প্রশ্নের সৃষ্ট রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে দেশব্যাপী ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযানের পটভূমিতে এবারের ইউপিআর এর পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন গণমাধ্যম বলেছে, বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি চলছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার সার সংকলনে দেখা যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিস্থিতির অবনতির যেসব তথ্য পেয়েছেন তার আলোকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সনদগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ফৌজদারী আইন সহ বিভিন্ন সংস্কারের আহ্বান জানিয়েছে।

দেশের প্রচলিত আইনে কারও বিরুদ্ধে ফৌজদারী অপরাধের কোন অভিযোগ বা মামলা থাকলে সেই ব্যক্তির পরিবর্তে তার স্বজনদের আটক বা গ্রেফতারের সুযোগ নেই। এরপরও এরকম ঘটনা ঘটছে কীভাবে? দেশের ন্যূনতম আইনের শাসন থাকলে এরকম ঘটনা ঘটতে পারে না। যেহেতু এরকম হচ্ছে তাতে বুঝতে হবে দেশে আইনের শাসন নেই। সাংবিধানিক অধিকারগুলো রক্ষিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে ঢালাওভাবে রিমান্ড মঞ্জুর করা হচ্ছে। এতে মনে হয় সাংবিধানিক অধিকার রক্ষায় বিচার বিভাগ আগে যতটুকু সচেষ্ট ছিল এখন ততটুকু আর নেই। গায়েবী মামলায় বিরোধীদলের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি দেশী-বিদেশি গণমাধ্যমে সমালোচিত হচ্ছে। ঢালাওভাবে রিমান্ডের ঘটনায় নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষায় আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মানবাধিকার সুরক্ষা বিষয়ক এক কর্মশালায় তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মানবাধিকার আছে, পুলিশের মানবাধিকার রয়েছে, সংবিধান অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার রয়েছে। এমনকি অপরাধী, চোরাকারবারী, মাদক ব্যবসায়ী, আন্দোলনকালে আগুন, গান পাউডার বা লগি বইঠা দিয়ে হত্যাকারী হিসেবে অভিযুক্ত মানুষ তাদেরও মানবাধিকার রয়েছে। তারা প্রত্যেকে ন্যায় বিচার পাওয়ার অধিকারী। সংবিধান অনুযায়ী তাদের বিনা বিচারে মেরে ফেলা বা শারীরিকভাবে জখম করা বা এর হুমকী দেওয়া পর্যন্ত যাবে না।

জীবনের অধিকার নির্যাতন মুক্ত থাকার ও ন্যায়বিচার পাওয়ার অধিকার। এ ধরনের মানবাধিকারগুলো নাগরিক ও রাজনৈতিক অধিকার। এগুলো আমাদের সংবিধানে উচ্চতর মর্যাদা দিয়ে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। ফলে এগুলো লঙ্ঘিত হলে প্রতিকারে যাওয়া উচিত। সাংবিধানিক কাঠামোয় উচ্চ আদালতের প্রধান দায়িত্ব হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা। এ ধরনের অধিকারগুলো প্রধানতঃ সরকার লঙ্ঘন করে বলে সরকারকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন (প্রথম আলো নভেম্বর ২০২৩)।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন প্রকাশ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মারার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ সময় এক যুবককে বলতে শোনা যায় সিল মারো ভাই সিল মারো নৌকা প্রতীকে সিল মারো।

দ্বাদশ নির্বাচনের একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলে তাকে পেটানো হয়। এক্ষেত্রেও তার স্বাধীনতা হরণ করা হয়েছে।

পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক হওয়ার বড় কারণ হল তখন আদালত বলেছিলেন সংসদ চাইলে দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। আদালতের নির্দেশনা অমান্য করে সংখ্যাগরিষ্ঠরা সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করিয়ে নেয়। এটি অসাংবিধানিক। সংবিধান সংশোধনী হওয়ায় কয়েকটি কারণ রয়েছে। যেমন সংবিধানে ১৪২ অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা। সংসদের সদস্যদের সংবিধানের অধিকার খর্ব করা যায় না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করার বিধান করা হয়েছে। অর্থাৎ বর্তমানে শাসকগোষ্ঠী যুগ যুগ ধরে ক্ষমতায় থাকবে। এর মধ্য দিয়ে বাকশালের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
রাজনৈতিক অস্থিরতা হরতাল অবরোধ ও ঘেরাও কর্মসূচি নিয়ে শুধুমাত্র দেশের নাগরিকরা উদ্বিগ্ন নয়। গণতন্ত্র মনা দেশগুলো চিন্তিত। ফলে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনে না হলে, জনগণের রায় পাওয়া সরকার প্রতিষ্ঠিত না হলে বিদেশীদের সংশ্লিষ্টতা ও চাপ দুটোই বাড়তে পারে। অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করলে এ ধরনের পরিস্থিতি সাধারণ নাগরিকের জন্য দুঃসংবাদ মাত্র। অপরদিকে মার্কিন কূটনীতিবিদ পিটার ডি-হাস কে হত্যার হুমকি দেয়া দুঃখজনক। এ বক্তব্যধারীর বিরুদ্ধে মামলা করলেও তা খারিজ করে দেওয়া হয়েছে। দেশের মানুষ দশম ও একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার নির্বাচন সুষ্ঠু না হলে জনপ্রতিনিধিত্বশীল সংসদে দেশপ্রেমিক সরকার হবে না।জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন না হলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। একতরফা নির্বাচন হলে গণতন্ত্র ডুকরে ডুকরে কাঁদবে। মুক্তিযুদ্ধে চেতনা সমুন্নত রাখতে মানবাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করতে রাজনৈতিক অস্থিরতা অবসানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। আর তার গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সে নির্বাচন হতে হবে অন্তর্বতীকালীন সরকারের অধীনে। লেখক: স্থায়ী সদস্য, খুলনা প্রেসক্লাব।