স্পোর্টস ডেস্ক
ইউনাইটেডের ঐতিহ্য ধরে রাখতে আস্থা রাখার আহবান জানিয়েছেন কোচ এরিক টেন হাগ। একইসঙ্গে সমস্যায় থাকা ক্লাবটিকে নতুন করে টেনে তোলার লক্ষ্যে তিনিই সঠিক ব্যক্তি বলে দাবী জানিয়েছেন ইউনাইটেড বস।
এবারের মৌসুমে ইউনাইটেডের শুরুটা মোটেই ভাল হয়নি। যে কারণে নতুন মৌসুমের শুরু থেকে চাপে ছিলেন টেন হাগ। অথচ গত মৌসুমে ছয় বছরের মধ্যে প্রথম শিরোপা উপহার দেবার পর ডাচ এই কোচের প্রতি ক্লাবের অগাধ বিশ্বাস ছিল।
শনিবার নিউক্যাসলের কাছে ১-০ গোলের হারের মাধ্যমে ইউনাইটেডর এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২১ ম্যাচে ১০ম পরাজয়ের স্বাদ পেয়েছে। এর ফলে শীর্ষ চার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে বর্তমানে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড।
আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের ফলাফলের উপর তাদের বিদায় নেয়া, না নেয়া নির্ভর করবে। এদিকে মঙ্গলবার গণমাধ্যমের সামনে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন টেন হাগ।
এ সময় টেন হাগ বলেন, ‘প্রতিটি যাত্রায় সবসময়ই কঠিন একটা সময় থাকে। কিন্তু এই মুহূর্তে আমরা সঠিক পথে আছি। আমি জানি যেখানে আমরা যেতে চাই সেখানে অবশ্যই পৌঁছাবো। কারন তোমরা সবাই আমার অতীত রেকর্ড জানো।
প্রতি মৌসুমে আমি যেখানেই গেছি লক্ষ্যপূরণ করতে পেরেছি। সে কারনে আমরা যদি নিজেদের পরিকল্পনায় অটুট থাকি, কৌশল মাঠে কাজে লাগাতে পারি তবে অবশ্যই সঠিক পথে এগিয়ে যাবো।’
এই মুহূর্তে ইউনাইটেডকে সঠিক পথে ফেরাতে হলে বাস্তবতা কি এমন প্রশ্নের উত্তরে টেন হাগ বলেন, ‘প্রথমত আমি বলতে চাই এই ক্লাবে আমাদের এ কথা বলার উপায় নেই যে আমরা দুই, তিন বছর অপেক্ষা করবো। এই ক্লাবের মূল লক্ষ্যই হচ্ছে প্রতিটি ম্যাচে জয়ী হওয়া।
আমিও আমার খেলোয়াড়দের কাছ থেকে প্রতি ম্যাচেই জয়ের দাবী জানিয়েছি। প্রতিপক্ষ কোন দল সেটা দেখার প্রয়োজন নেই। আমি এখনো এই লক্ষ্যে অবিচল। খেলোয়াড়দের মধ্যে মানসিকতার পরিবর্তন করতে চাইনা।’










































