স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত মুখ গ্লেন ম্যাক্সওয়েল। মারকুটে আর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেশ সুপরিচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এই অজি অলরাউন্ডারের চাহিদা বিস্তর। লম্বা সময় ধরে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন।
ম্যাক্সওয়েল মনে করেন তার ক্যারিয়ার সমৃদ্ধ করার পেছনে আইপিএলের বড় অবদান আছে। তাই ক্যারিয়ারের শেষ পর্যন্ত আইপিএলে খেলার ঘোষণা দিয়েছেন তিনি। চলতি বছরটা স্বপ্নের মতো কেটেছে ম্যাক্সওয়েলের। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের মহাকাব্যিক ইনিংসটি এক কথায় ক্রিকেট রূপকথার অংশ হয়ে গেছে। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজেও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন তিনি। ফর্মের তুঙ্গে থাকা ম্যাক্সওয়েলকে এবারও ধরে রেখেছে তার দল বেঙ্গালুরু।
আইপিএল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘ভবিষ্যতে আমি যত টুর্নামেন্ট খেলব, তার মধ্যে সম্ভবত আইপিএলই হবে শেষ টুর্নামেন্ট। আমি তখনই আইপিএল ছাড়ব, যখন আর হাঁটতে পারব না। আমার ক্যারিয়ারে আইপিএল কতটা ভালো ভূমিকা রেখেছে, সেটা নিয়েই কথা বলছিলাম; যাদের সঙ্গে মিশেছি, যেসব কোচের অধীন খেলেছি, যেসব আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—আমার ক্যারিয়ারে টুর্নামেন্টটির অবদান বলে শেষ করা যাবে না।’











































