খবর বিজ্ঞপ্তি
খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে আরো কঠোরতা অবলম্বন করতে হবে। সরকার নারী নির্যাতন প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। অনেক আইন এবং বিধি-বিধান থাকলেও জনগণের সহযোগিতা ছাড়া দেশকে নারী নির্যাতনমুক্ত করা সম্ভব হবে না। আমরা যে যে অবস্থানে আছি সচেতন সবাইকে নারী নির্যাতন বন্ধে ভূমিকা পালন করতে হবে।
রূপান্তর-এর আয়োজনে “মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ” অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, নারী শিশু ট্রাইবুন্যালের বিশেষ পিপি এ্যাডভোকেট অলোকানন্দা দাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
এই মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রূপান্তর আয়োজিত আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হলো। এ উপলক্ষে রূপান্তর গত ২৭ নভেম্বর অনলাইনে জুম প্লাটফর্মে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় রূপান্তর-এর সর্বস্তরের কর্মীরা ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রকল্পের অংশীজন অংশগ্রহণ করেন।










































