শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। খুলনা বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিয়মিত রোগীর সাথে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগীদের দাবি শহরে ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নেয়া হলেও গ্রামগুলোতে কোন কিছুই করা হচ্ছে না। যে কারণে বাড়ছে রোগী। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমানতালে চলছে। আগামী এক মাসের মধ্যেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর মাস ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়। যশোরে এ বছর আগস্ট মাসের শুরু থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ সারাদেশের তুলনায় কিছুটা কম থাকলেও শেষ পর্যায়ে এসে বৃদ্ধি পেয়েছে। যশোরের ৮ উপজেলাতেই মিলছে ডেঙ্গু রোগী। তবে যশোর সদর, অভয়নগর ও কেশবপুর উপজেলায় এর সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রতিদিনই প াশের অধিক নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। গত এক সপ্তাহে প্রায় ৪ শ’ নতুন রোগী উপজেলা ও জেলা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। যা খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি। যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের রায়হান আহমেদ বলেন, সাতদিন ধরে হাসপাতালে ভর্তি। বেড না পাওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছি। প্রচন্ড জ্বরের সাথে গায়ে ব্যাথা ছিল। প্লাটিলেট কমে ৫৫ হাজারে এসেছিল। এখন অনেক ভালো।
কেশবপুর উপজেলার চিংড়াবাজার এলাকার রোকসানা বেগম বলেন, দুইদিন ধরে প্রচন্ড জ্বর ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডেঙ্গু সনাক্ত হয়। প্রচুর বমি হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও শরীর দুর্বল। এখানে রোগীর চাপ অনেক। খুব কষ্টে আছি।
যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকার আবু রাসেল বলেন, শহরে ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নেয়া হলেও গ্রামগুলোতে কোন কিছুই করা হচ্ছে না। যে কারণে বাড়ছে রোগী। আমাদের গ্রামে একজন মারাও গেছে বলে উল্লেখ করেন তিনি।
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. দেবাশীষ দত্ত বলেন, চাপের কারণে আলাদা দুটি ওয়ার্ড খুলে চিকিৎসা দেয়া হচ্ছে। নিয়মিত রোগীর সাথে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে আশার কথা হল আমাদের রোগীরা খুব বেশি সিরিয়াস না। প্রত্যেকেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে ফিরছেন।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক বলেন, ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমানতালে চলছে। মশক নিধনে জনপ্রতিনিধিদের সব ধরনের পরামর্শ দেয়া হয়েছে। তবে ব্যক্তি সচেতনতা এক্ষেত্রে খুব জরুরী। প্রত্যেককেই নিজ বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করার পাশাপাশি স্বচ্ছ পানি জমে এমন স্থানগুলো পরিষ্কার রাখা দরকার। একইসাথে প্রতিবেশীদের বাড়িগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। নইলে সফলতা মিলবে না।
তিনি আরো বলেন, এখন যদি নতুন করে আর বৃষ্টি না হয় তাহলেআগামী এক মাসের মধ্যেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
সিভিলে সার্জন অফিসের তথ্য মতে, গতকাল বুধবারও যশোরে নতুন করে ৫৩জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি মৌসুমে এ জেলায় ৩ হাজার ৯৯৪ রোগী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৬জন রোগী।











































