ইশতিয়াক পারভেজ।।
বিশ্বকাপে যে রঙিন ঘুড়ি উড়াতে ভারতে এসেছিল বাংলাদেশ। কিন্তু সুতা কেটে যা হারিয়ে গেছে ধূসর প্রান্তরে। আর মাত্র একটি ম্যাচ, এরপরই টাইগাররা ধরবে বাড়ির পথ। এরপর কি! প্রশ্নটা অনেক স্বাভাবিক। ওয়ানডে বিশ্বকাপে খেই হারানো বাংলাদেশ দল কীভাবে ফিরবে আবার আলোর পথে? আর এই শেষ থেকেই নাকি নতুন শুরুর ভাবনা টাইগারদের। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বিশ্রামে আছে দল। দিল্লি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লাড্ডু নিয়ে এসে অনেকটাই প্রশান্তিতেই থাকার কথা ছিল। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতে ছিটতে পড়া হয়েছে আরও একবার চিন্তার কারণ। হবে না কেন! প্রতিপক্ষ যে সিমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া। পুনেতে এসেই বিশ্রামের ফাঁকে টাইগাররা দেখেছে আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য এক জয়।
শুধু তাই নয়, তাদের বুকে হয়তো কাঁপন ধরিয়েছে ইনজুরি আক্রান্ত হওয়া মেক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংও। এ নিয়ে তাদের মধ্যেও আলোচনাও হয়েছে। তবে যতটা জানা গেছে অজিদের এমন জয় আর শক্তিতে ভীত নয় বাংলাদেশ। এই ম্যাচ থেকেই তারা ফিরে আসার পথটা খুঁজতে চায় নতুন করে।
এ নিয়ে দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন দৈনিক মানবজমিনকে বলেন, ‘হ্যাঁ, ম্যাক্সওয়েলের এমন ইনিংস নিয়ে সবার সঙ্গেই কথা হয়েছে। সত্যি কথা বলতে কি এমন ইনিংস একজন ব্যাটসম্যান আবার কবে খেলবে তার জন্য অপেক্ষা করতে হবে। ওদের দলে যে শুধু ম্যাক্স আছে তা নয়। তাদের কিছু গেম চেঞ্জার আছে, ডেভিড ওয়ার্নার, হেড, মার্শ; সবাই ভালো খেলোয়াড়। কিন্তু কোনো দলই আনবিটেবল নয়। নিশ্চিতভাবে আমাদের চেষ্টা থাকবে সেরা খেলাটা খেলার।’
এ বিশ্বকাপের পারফরম্যান্স যে হতাশা ছড়িয়েছে তা অকপটেই স্বীকার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার। তিনি বলেন, ‘আমরা সবাই দেখেছি বিশ্বকাপ কেমন কেটেছে আমাদের। নিশ্চিতভাবেই হতাশার অবশ্যই। আমরা অনেক আশা করে এসেছিলাম। প্রত্যাশাও অনেক বেশি ছিল। সেটা কোনোভাবেই আমরা পূরণ করতে পারিনি। এই বিশ্বকাপের আগে আমাদের দলটা যে রকম ফর্মে ছিল, সঙ্গে পঞ্চাশ ওভারের ক্রিকেটে আমরা যে রকম ধারাবাহিক। খুব ভালো খেলছিলাম। সেজন্য প্রত্যাশা সবার থেকে একটু বেশি ছিল। আমরা প্রত্যাশা মেটাতে পারিনি। জানি আরও ভালো হওয়া উচিত ছিল। এটা হয়ে থাকে। অনেক সময় আপনি ফর্মে এসে টুর্নামেন্টে ফর্ম হারিয়ে ফেলতে পারেন। দুর্ভাগ্যবশত আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে আসলে।’
মনোবিদেই সমাধান দেখছেন বাশার
বিশ্বকাপে ভরাডুরি গল্পটা এখন পুরানো। ক্রিকেটে নিজেদের পথ খুঁজে নিতে সামনে তাকানো ছাড়া কোনো পথ নেই। তাই খুঁজতে হবে ব্যর্থতার কারণ ও সমাধানের পথ। বাশার মনে করেন মানসিকভাবে খর্ব শক্তির কারণেই এমন বাজে পারফরম্যান্স। তিনি বলেন, ‘বৈশ্বিক টুর্নামেন্টে আসার আগে আমাদেরকে মানসিক শক্তি নিয়ে বেশি কাজ করা উচিত বলে মনে করছি। স্কিলের দিক থেকে আমরা আগে যা ছিলাম এখন তাই আছি। বিশ্বকাপে বাকি দলগুলো অনেক প্রস্তুতি নিয়ে আসে। আমরাও অনেক প্রস্তুতি নিয়েই এসেছিলাম। কিন্তু এখানে শক্ত মানসিকতার একটা ব্যাপার থাকে। এরপর এসব টুর্নামেন্টে আসার আগে আমাদের মেন্টাল স্ট্রেন্থ নিয়ে কাজ করতে হবে।’ আর এইজন্য সরা বছর একজন মনোবিদ প্রয়োজন বলেই মনে করেন বাশার। তিনি বলেন, ‘মনোবিদ তো আগেও কাজ করেছেন। রাউন্ড দ্য ইয়ার যদি সব সময় আমাদের সঙ্গে থাকেন সব সময় আমার মনে হয় যে, স্কিলের দিক থেকে ওরা যা ছিল তাই আছে। এই খেলোয়াড়রাই কিন্তু ভালো খেলছিল। এই বোলার, এই ব্যাটসম্যানরাই ভালো খেলেছে। বিশ্বকাপে এসে আমরা ওই ফর্মটা ধরে রাখতে পারিনি। আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকভাবে কীভাবে শক্তিশালী থাকা যায় এটা আমাদের শিখতে হবে। মনোবিদ তো আমাদের সঙ্গে আগেও ছিল। এটা আগে থেকে শুরু করা উচিত। বিশেষ করে আমাদের যারা তরুণ খেলোয়াড় তাদের নিয়েই বেশি বেশি কাজ করা উচিত।’
সাকিবের অভাব পোড়াবে দলকে
অধিনায়ক সাকিব ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এই আসরে তার পারফরম্যান্স ছিল ভীষণ হতাশার। তবে লঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ব্যাট হাতে তার অবদান ৬৫ বলে ৮২ রান। তার একাদশে না থাকা মানে একজন ব্যাটসম্যানের সঙ্গে বোলাারের অভাব। যে অভাবটাই দলকে দারুণভাবে পোড়াবে বলে মনে করেন বাশার। তিনি বলেন, ‘সাকিবের অভাবনটা নিশ্চিতভাবেই অনেক বেশি অনুভব হবে। সেটাই স্বাভাবিক। এক অধিনায়ক। দুই সেরা অলরাউন্ডার। ব্যাটিং বোলিং দুই বিভাগেই সেরা পারফর্ম করে দলের পক্ষে। ওকে নিশ্চয়ই টিম মিস করবে। কিন্তু ইনজুরির ক্ষেত্রে তো কারও হাত নেই। সেটা মেনে নিয়ে আমাদের খেলতে হবে।’











































