মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে চোর সন্দেহে রিয়াজ মোল্যা (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ মোল্যা ওই গ্রামের নিজাম মোল্যার ছেলে। রিয়াজের স্ত্রী ও তিনটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ি গ্রামের নিজাম মোল্যার ছেলে রিয়াজ মোল্যা গতকাল দিবাগত গভীর রাতে ফুলবাড়ি গ্রামের সরকারের ইজারা দেওয়া সোদোনালা খাল থেকে চুরি করে মাছ ধরছিল। রিয়াজের মাছ ধরা খালের নাইটগার্ড দেখে ফেলেন। তখন খালের নাইটগার্ড চোর বলে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে রিয়াজকে ধরে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে পুলিশ খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ উদ্ধার করে বুধবার সকালে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের পিতা নিজাম মোল্যা জানান, ফুলবাড়ি গ্রামের আকরাম মোল্যার ছেলে পিকুলদের সঙ্গে গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা রয়েছে। রিয়াজ মঙ্গলবার রাত ১১টার দিকে নহাটা বাজার থেকে বাড়িতে আসছিল। ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে প্রতিপক্ষের পিকুলের নেতৃত্বে আরও চার-পাঁচজন রিয়াজকে একা পেয়ে ধরে বাড়িতে নিয়ে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি।
স্থানীয় কয়েকজন জানান, পিকুলের সঙ্গে রিয়াজদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারা অনেকে ধারণা করছেন তাকে মাছ চোর সাজিয়ে পরিকল্পিত হত্যা করছে।
মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম জানান, রিয়াজ নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে কিছু লোকজন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে যারা মেরেছে তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।











































