কয়রা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার কয়রায় এক নারী ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার আমাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সংরক্ষিত আসনের সদস্য দিলরুবা খাতুন। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কয়রা থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি।
দিলরুবা খাতুনের অভিযোগ, শনিবার সকালে ইউনিয়ন পরিষদে যাওয়ার পর প্রথমে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের লোকজন তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ইউপি চেয়ারম্যান তাকে তাঁর কক্ষে ডাকেন। সে সময় সেখানে পরিষদের আরও কয়েকজন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান চেয়ার থেকে উঠে প্রথমে কক্ষের দরজা বন্ধ করেন। এরপর কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হলে উপস্থিত কয়েকজন তাকে নিবৃত্ত করেন। এ সময় তিনি ‘বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার’ও হুমকি দেন।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন, ‘একটি প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে এমন অভিযোগের বিষয়ে তাঁর (ইউপি সদস্য) কাছে জানতে চাওয়া নিয়ে একটু-আধটু কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু না।’
কয়রা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’











































