Home খেলাধুলা জুনিয়র তামিমের প্রশংসায় আকরাম-মিসবাহ

জুনিয়র তামিমের প্রশংসায় আকরাম-মিসবাহ

50

স্পোর্টস ডেস্ক।।

ভারতের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার নিয়ে সমালোচনায় মেতেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টসে জিতে ওপেনিং জুটিতে শতরান তুলে নেয়ার পরও কিভাবে সেই দল ২৫০ রানেই গুটিয়ে যায়, এমন বাজে পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হকরা। তবে এতো সমালোচনার মাঝেও তানজিদ হাসান তামিমের প্রশংসা ঝড়েছে তাদের মুখে।

বাংলাদেশের ওপেনিং জুটির রেকর্ডের দিন জুনিয়র তামিম তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।৪৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছিলেন কুলদীপ যাদবের বলে। ৪টি চার আর ৩ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন এই ওপেনার।

 

তানজিদের এমন অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টসে’র এক আলোচনায় তিনি বলেন, ‘তানজিদ অবশেষে নিজেকে মেলে ধরতে পেরেছে। এখন দরকার তার ধারাবাহিকতা। খুবই প্রতিভাবান ক্রিকেটার সে। আমি তো এমন এক প্রতিভাকে দলে নেওয়ায় বাংলাদেশের নির্বাচকদের কৃতিত্ব দেব।’

 

ওয়াসিম আকরামের সঙ্গে সেই আলোচনায় ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও। তিনিও সাবেক এই ফাস্ট বোলারের সঙ্গে একমত পোাষণ করেন। তার মতে, ‘তানজিদের আত্মবিশ্বাস ভালো লাগল। ভালো লেংথের বলও মেরেছে। তাকে এখন ইনিংস বড় করা শিখতে হবে। পঞ্চাশকে শতকে পরিণত করতে শিখতে হবে।’

 

যদিও বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচেই ব্যর্থ ছিলেন তানজিদ। অবশ্য জাতীয় দলে খেলার আগে তিনি ছিলেন দুর্দান্ত। ছিলেন ২০২০ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য। কিন্তু জাতীয় দলে এসে নিজের মান রাখতে পারছিলেন না তিনি। অবশেষে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে রানের দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার।