Home খেলাধুলা পাকিস্তানি বোলারদের নাকানি চুবানি খাওয়াচ্ছে অস্ট্রেলিয়া

পাকিস্তানি বোলারদের নাকানি চুবানি খাওয়াচ্ছে অস্ট্রেলিয়া

51

স্পোর্টস ডেস্ক।।

শক্তিশালী বোলিং ইউনিটের পাকিস্তান আজ নাকানি চুবানি খাচ্ছে। টানা তিন ম্যাচ হেরে লঙ্কা জয় দিয়ে ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়া আজ পাকিস্তানের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে রেকর্ড গড়ে ওয়ার্নার ও মার্শ দলকে এনে দিয়েছেন বিশাল সংগ্রহের ভিত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছে অস্ট্রেলিয়া। ২৫৬ রানের ওপেনিং জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মার্শ ১০৮ বলে ১২১ ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ রান করেন। স্টোইনিস ও লাবুশানে ক্রিজে আছেন।

বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কা ও ভারতের পর দুই ওপেনারের সেঞ্চুরি করার কীর্তিতে নাম লেখাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুক্রবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতেও হয়েছে আরেকটি রেকর্ড। বিশ্বকাপে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১১ বিশ্বকাপে কানাডার বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৮৩ রান ছিল এতদিন সেরা।

ওয়ার্নারকে যোগ্য সঙ্গ দিয়ে শতক হাঁকিয়েছেন মিচেল মার্শ। ৩১ তম ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছান ওয়ার্নার। তার পরের বলেই নেওয়াজের বল বাউন্ডারি ছাড়া করে শতক হাঁকান মার্শ। ১০ চার ও ৬ ছক্কায় বরাবর ১০০ বলে সেঞ্চুরি করেন এই ওপেনার।

মার্শের সেঞ্চুরিতেও হয়েছে রেকর্ড। আজ অস্ট্রেলিয়ান এই ওপেনারের জন্মদিন। বিশ্বকাপে জন্মদিনে দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের রস টেইলর এই কীর্তি গড়েছিলেন। ২০১১ বিশ্বকাপে এই পাকিস্তানের বিপক্ষেই ১৩১ রানের অনবদ্য খেলেছিলেন কিউই ব্যাটার।