মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েল ইহুদিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০অক্টোবর) জুম্মার নামাজ শেষে পৌর শহরের প্রত্যেক মসজিদ থেকে মুসল্লীদের বের হওয়া মিছিল শাপলা চত্বরে এসে মিলিত হয়। মিছিলে মুসল্লীদের হাতে শোভা পাচ্ছিল ইসরায়েল ইহুদিদের হামলা বন্ধের শ্লোগান ও ফিলিস্তিনে নিহতদের ছবি সম্বলিত প্লেকার্ড।
পরে শেখ আঃ হাই সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও বিএলএস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজাউল করিম। এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মোংলা পৌর কেন্দ্রীয় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, চালনা বন্দর আলীয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন, কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান এবং আলহাজ্ব কোরবান আলী মাদ্রাসার সুপার ও মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা।
এ সময় বক্তারা অবিলম্বে ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধের আহবাণ জানিয়ে বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের উপর যুদ্ধ বন্ধ ঘোষণা করা, বাংলাদেশে সকল ইসরায়েলি পণ্য বর্জন করা, বাংলাদেশের সাথে ইসরায়েলি সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার পরিবেশ তৈরী করা, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তানে খাদ্য ও ওষুধসহ সকল প্রকার প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ৫দফা দাবী বাস্তবায়নে এদেশের সরকারের প্রতি উদাত্ত আহবাণ জানান বক্তারা। এছাড়া মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দাস’/মসজিদুল আকসা রক্ষায় দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবাণ জানান তারা। এর আগে জুম্মার নামাজে রাষ্ট্রীয় ঘোষণায় মোংলার সকল মসজিদে ইসারায়োলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষা ও উদ্ধারে মহান আল্লাহর রহমত কামনা করে বিষেশ দোয়া অনুষ্ঠিত হয়।











































