অনলাইন ডেস্ক।।
দীর্ঘদিন নির্বাসনে থাকার পর শনিবার দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশে ফিরলেই তিনি গ্রেপ্তার হতে পারেন– এমন উদ্বেগ দেখা দিয়েছিল। তবে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে আইনগত সব বাধা দূর করা হয়েছে। দুর্নীতির দুটি মামলায় নওয়াজকে আগাম জামিন দেওয়া হয়েছে। ফলে তিনি মসৃণভাবে দেশে ফিরতে পারবেন। খবর ডন’র
অন্যদিকে, তোশাখানা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছেন জবাবদিহিবিষয়ক ব্যুরোর (এনএবি) আদালত। আল আজিজিয়া এবং অ্যাভেনফিল্ড রেফারেন্সে ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফ।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। ইসলামাবাদ হাইকোর্ট এই রায় দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নওয়াজ শরিফ শনিবার দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। আদালত আরও বলেছেন, এ বিষয়ে এনএবি কোনো আপত্তি করেনি।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব এই আবেদনের শুনানি করেন। এর আগে তোশাখানা মামলায় নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন এনএবির এক আদালত। এদিকে আদালতের রায়ের পর পিএমএলএন সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, তাঁর বড় ভাইকে বানোয়াট, ভিত্তিহীন ঘটনায় অযোগ্য ঘোষণা করা হয়েছে।











































