Home আঞ্চলিক চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে অভিযুক্ত পুলিশ সদস্য জামিনে লাপাত্তা

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে অভিযুক্ত পুলিশ সদস্য জামিনে লাপাত্তা

55

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার চাঞ্চল্যকর মা-শিশু ও যুবকসহ তিন খুন মামলার একমাত্র আসামি সাবেক পুলিশ কর্মকর্তা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়ে লাপাত্তা। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন এই হত্যা মামলার আসামি খুলনা ফুলতলা থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (চাকরিচ্যুত) সৌমেন রায় ইতোমধ্যে আদালতের নির্ধারিত ৭টি বিচার দিবসে পলাতক থাকায় গত ২ ফেব্রুয়ারি ১৪-০২-০২-২৩ স্মারকে এস আই সৌমেন রায়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছে আদালত। অথচ প্রায় ৯ মাসেও সৌমেন রায়কে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
মামলার বাদি কুমারখালী উপজেলার নাতুরিয়া গ্রামের বাসিন্দা আমির হোসেনের স্ত্রী হাছিনা খাতুন-এর (৫২) দাবি, ‘মোটা টাকার বিনিময়ে তথ্য জালিয়াতি করে সৌমেনের উকিল হাইকোটে জামিন চেয়েছিলো বলে আদালত জামিন দিয়েছে। তার প্রমাণ হলো সৌমেন জামিনে বেড়িয়েই উধাও হয়ে গেছে। জজ আদালতে স্বাক্ষী শুনানীতে হাজির হয়নি আসামি’। ‘আমি এই মামলা সম্পর্কে ম্যালা লোকের সাথে কথা বলছি সবাই বলছে, এই মামলায় কোনোভাবেই জামিন হয় না। তাহলি কোর্ট জামিন দিলো কিভাবে’? ‘আমি চাই দ্রুত আসামি সৌমেন রায়কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক’।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর থানার জিআর মামলা নং ২৯০/২১ যা কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন সেশন মামলা নং ১০৭৪/২১ দ:বি: ৩০২/৩৪। ২০২১ সালের ১৩ জুন বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের কাষ্টমস মোড়ে প্রকাশ্য দিবালোকে জনতা সমাগমস্থলে সংঘঠিত নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনা ছিলো এটা। ধর্মান্তরিত না হয়ে অসম সম্পর্কের জেরে মা ও শিশুসহ একই ঘটনাস্থলে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নিজের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ (পিস্তল) বিক্ষুব্ধ জনতার হাতে আটক হয়।

পরে পুলিশের এই উপসহকারী পুর্লিশ পরিদর্শক ও মাগুরা জেলার আসবা গ্রামের মৃত: সুনীল রায়ের ছেলে সৌমেন রায়কে(৩৪) পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার দিন রাতেই নিহত নারী আসমা খাতুন-এর(৩০) মা ও নিহত শিশু রবিনের (৬) নানী হাছিনা খাতুন বাদি হয়ে অপর নিহত যুবক শাকিলকে(২৩) হত্যার বিষয় উল্লেখসহ চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অভিযোগ এনে পুলিশ সদস্য সৌমেন রায়কে একমাত্র এজাহার নামীয় আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন সৌমেন রায়। গ্রেফতারের পর কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন সৌমেন রায়। চাঞ্চল্যকর এই হত্যা মামলা সংশ্লিষ্ট নিম্ন আদালতে একাধিকবার জামিনাবেদন করলেও তা নামঞ্জুর করেন আদালত। পরে ২০২২ সালের ৬ নভেম্বর উচ্চ আদালতে ক্রিমিন্যাল মিসকেস নং ৫৯৮২০/২২ এ বিচারপতি মো. সেলিম এবং মো. রিয়াজ উদ্দিন খানের যৌথ বেঞ্চে জামিনাবেদন করেন কারাবন্দি সৌমেন রায়ের আইনজীবী এ্যাড. মোহাম্মদ রহিম উদ্দিন। এই জামিন শুনানীতে রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এসএম গোলাম মোস্তফা তারা, এএজি শেখ মো. মজু মিয়া এবং মো. হাফিজুর রহমান। শুনানী শেষে বিচারপতি দ্বয় ৬(ছয়) মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

কুষ্টিয়া সদর থানার সংশ্লিষ্ট আদালত পুলিশ কর্মকর্তা এসআই ইস্কান্দার হোসেন জানান, জেলা ও দায়রা জজ আদালত থেকে ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানা আদালতের ডাক প্রেরণ শাখা থেকে সরাসরি আসামির স্থায়ী ঠিকানা ও কর্মস্থল সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়। এই পরোয়ানা প্রাপ্তির পর তামিলের দায়িত্ব সংশ্লিষ্ট থানা পুলিশের। এসংক্রান্ত কোনো নথি বা তথ্য কোর্ট জিআরও অফিসে থাকে না।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, ‘কুষ্টিয়া সদর থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে জড়িত অভিযুক্ত পুলিশ সদস্য সৌমেন রায় উচ্চ আদালত থেকে গত বছরের ৬ নভেম্বর ছয় মাসের অন্তবর্তীকালীন জামিনাদেশ প্রাপ্ত হয়ে ২৪ নভেম্বর সংশ্লিষ্ট বিচারিক আদালতে বেলবন্ড দাখিল করে কারামুক্ত হন। এরপর থেকে অদ্যবধি ৭টি বিচারিক দিবসে আদালতে হাজির না হয়ে পলাতক রয়েছেন সৌমেন রায়। সর্বশেষ মামলাটির স্বাক্ষ্য শুনানী শেষ করে আগামী ১৩ নভেম্বর ২০২৩ তারিখে আর্গুমেন্টের (যুক্তিতর্ক) দিনধার্য রয়েছে।