স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা, কেক কেটে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করে, খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা বিশবিদ্যালয় (খুবি)।
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় খুলনার শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউজ ময়দান পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল ৯টায় সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। বেলা সাড়ে ১১টায় একই স্থানে আলোচনা সভা, কেক কাটা ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উপস্থিত ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দিনটিতে কেসিসির কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় নগর ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।











































