Home আঞ্চলিক কথায় কথায় সংঘর্ষ, হত্যাকাণ্ড

কথায় কথায় সংঘর্ষ, হত্যাকাণ্ড

46

নড়াইল প্রতিনিধি
বাড়ির পাশে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন নড়াইলের পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মহসিন মোল্যার ছেলে মাসুম (২৫)। সেখানেই পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে আহত করে। ঘটনাটি গত ১৭ সেপ্টেম্বরের। ২২ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এর ছয় মাস আগে মহসিনের লোকজন প্রতিপক্ষ লায়েক মোল্যা ও আতাউর মৃধার পক্ষের শরাফাত শেখকে কুপিয়ে দু’পায়ের রগ কেটে দেয় এবং ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে।

মাসুমের মৃত্যুর সময় বাবা মহসিন প্রতিপক্ষের শারাফাতকে জখমের মামলায় জেলহাজতে ছিলেন। তাঁকে ডান্ডা-বেড়ি পরিয়ে ছেলের মরদেহ দেখাতে আনা হয়। ঘটনার পর স্থানীয়দের আশঙ্কা, দু’পক্ষের মধ্যে ফের বড় ধরনের সংঘাত হতে পারে। চলতি বছর উপজেলার পুরুলিয়া ও চাঁচুড়ী ইউনিয়নের ফুলদাহ, কৃষ্ণপুর, চন্দ্রপুর, দাড়িয়াঘাটা ও চাঁচুড়ী গ্রামে এমন গোষ্ঠী দ্বন্দ্বে সংঘর্ঘে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।
গোষ্ঠী দ্বন্দ্বে শুধু মাসুমের প্রাণ গেছে তা নয়। তিন দশকে অন্তত ১৮ জনকে খুন হতে হয়েছে। আর ৯ মাসে জেলায় খুন হয়েছে ১৭ জন। গত বছর পুরুলিয়া ইউনিয়নের ব্যবসায়ী কামরুল শেখ, ২০২০ সালে দেওয়াডাঙ্গার মাসুদ রানা, ২০১৯ সালে পারবিষ্ণুপুরের বনি মিয়া, ২০১৮ সালে রঘুনাথপুর দক্ষিণপাড়ার কবির মোড়ল, ২০১৭ সালে চাঁদপুরের মোসলেম ফকির, ২০১৫ সালে রঘুনাথপুর পশ্চিমপাড়ার রানা মোল্যা, ২০১০ সালে পুরুলিয়ার ব্যবসায়ী তোতা মোল্যা, ২০১১ সালে চন্দ্রপুরের সাজ্জাদ হোসেন, ২০০৭ সালে চাঁদপুরের জান্নাত মোল্যা এবং ২০০৬ সালে মোফাজ্জেল হোসেন খুন হন। পার্শ্ববর্তী চাঁচুড়ী ইউনিয়নের আমবাড়িতে ২০২১ সালে একটি গ্রুপের প্রধান কাতেবর মিয়া, ২০১৭ সালে কালডাঙ্গার আজমল হোসেন, ২০১৬ সালে আরাজি কলিমন গ্রামের রাজু ইসলাম, ২০১৩ সালে ওয়াদুদ মোল্যা, ১৯৯৮ সালে আটলিয়ায় বাবু মোল্যা এবং এরও আগে বনগ্রামের সোহরাব ভূঁইয়া ও হুরমুজ মোল্যা হত্যাকাণ্ডের শিকার হন। অভিযোগ রয়েছে, একাধিক খুনের ঘটনা ঘটেছে প্রতিপক্ষকে ফাঁসাতে। সহিংসতার ঘটনায় অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

চাঁচুড়ীর আটলিয়া গ্রামের ইউপি সদস্য রফিক মোল্যা বলেন, বছরের পর বছর ধরে দুটি ইউনিয়নে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। শুধু ক্ষমতা ও আধিপত্যকে কেন্দ্র করেই এত দ্বন্দ্ব। এর মধ্যে প্রতিপক্ষকে ফাঁসাতে তিন-চারটি হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়নের ৩২টি গ্রামে প্রায় ৩৫ হাজার মানুষের বাস। এখানে ডিগ্রি কলেজ, চারটি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও দাখিল, ইবতেদায়ি, হাফিজিয়া ও কওমি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন রয়েছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইউনিয়ন দুটিতে রয়েছে ব্যাংকিং ও চিকিৎসা সেবাসহ উন্নত বাজার ব্যবস্থা। শিক্ষিত মানুষের সংখ্যা বেশি হলেও গ্রাম্য দলাদলি ও কথায় কথায় মারামারি হয় বিভিন্ন গোষ্ঠী ও পক্ষের মধ্যে। এর থেকে পরিত্রাণ পেতে অনেকে এলাকা ছেড়েছেন। পুরুলিয়া-চাঁচুড়ী ইউনিয়ন শান্তি-শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা জাকাতুর রহমান বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় চার মাস আগে পুলিশের উদ্যোগে কালিয়ায় শান্তি সভা হয়েছে। দুটি ইউনিয়নে প্রায় ৬০টি সামাজিক গোষ্ঠী আছে। তারা বিভিন্ন সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। এর থেকে পরিত্রাণের লক্ষ্যে কাজ চলছে।

শুধু পুরুলিয়া ও চাঁচুড়ী নয়, জেলার অন্যান্য এলাকায়ও সহিংসতা ও খুনের ঘটনা বেড়েছে। গত ৯ মাসে জেলায় ১৭ জন খুন হয়েছেন। সদর উপজেলায় ১৬ জানুয়ারি ভওয়াখালী এলাকার যুবক ইয়াসিন মোল্যা, ২৪ ফেব্রুয়ারি বাঁশগ্রামের কলেজছাত্র দীপ্ত সাহা, ৩০ মে মধুরগাতীর ইজিভ্যানচালক দেলোয়ার গাজী, ১৯ জুলাই নিধিখোলার কিশোর শয়ন শেখ এবং ১৬ আগস্ট দেবভোগ গ্রামের রাধা পল্লব খুন হন। লোহাগড়ায় গত ৬ ফেব্রুয়ারি গোবিন্দপুরের শেফালী বেগম, ১০ মে দৌলতপুরের এসএসসি পরীক্ষার্থী সিরাজ শেখ, ২৮ মে কুমড়ির গ্রামপুলিশ বকুল শেখ, ৩ জুলাই রায়গ্রামের সিরাজুল ইসলাম, ১১ জুলাই হান্দলার বাবলু শেখ, ১৭ আগস্ট কল্যাণপুরের সুফল বিশ্বাস, ২৯ আগস্ট পাংখারচরের দলিল লেখক বরকত শেখ এবং ১ সেপ্টেম্বর লোহাগড়ায় খুন হন সাতক্ষীরার নিজদেবপুর গ্রামের লিটন হোসেন। এ ছাড়া কালিয়ায় গত ১২ মে কাটাদুরা গ্রামের গৃহবধূ আকলিমা বেগম, ১২ মে তেলিডাঙ্গার পল্লিচিকিৎসক আমিনুল ইসলাম, ২০ জুলাই পেড়লী গ্রামের যুবলীগ নেতা আজাদ শেখ এবং ২২ সেপ্টেম্বর চন্দ্রপুরের মাসুম মোল্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। অর্ধশত দোকান, কয়েকটি বাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, তুচ্ছ ঘটনা ও গ্রাম্য দ্বন্দ্বে সহিংস ঘটনা ঘটছে। এসব দ্বন্দ্ব-বিবাদ মেটাতে গ্রামের বাসিন্দাদের সঙ্গে পুলিশের বিভিন্ন সময়ে কার্যকর বৈঠক হয়েছে। ১০ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাবে, পরিস্থিতি আগের চেয়ে ভালো।