খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৮ অক্টোবর (বুধবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্মার্ট কার্ড পাঞ্চ করে এ ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়।
পরে একই স্থানে আয়োজিত দ্বিতীয় অংশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইনোভেশন হাবের নামফলক উন্মোচন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, তাতে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর এটি গড়ে তুলতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। সময়ের সাথে অনেক প্রযুক্তি সামনে এসেছে, এগুলোর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের যে বিপুল জনশক্তি রয়েছে, তা দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমরা কীভাবে গড়ে তুলবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মানি আর না মানি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। এর সাথে আমরা মানিয়ে নিতে না পারলে পিছিয়ে পড়বো। তিনি বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১০ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে। তাদের সাথে ১০ লাখ আইডিয়াও বের হচ্ছে। এই আইডিয়া কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে এর প্রয়োগ ঘটাতে হবে। এই আইডিয়া প্রাকটিক্যালভাবে জেনারেট করতে যে পরিবেশ ও ইকোসিস্টেম প্রয়োজন তা পাওয়া যাবে ইনোভেশন হাবে।
স্কাইপির উদাহরণ দিয়ে তিনি বলেন, উন্নত বিশ্ব তাদের রিসার্চ ফাইন্ডিংস বা থিসিস নিয়ে আসছে মানুষের কল্যাণের জন্য। অথচ আমরা আমাদের রিসার্চ ফাইন্ডিংস বা থিসিস নিয়ে বেশি এগোতে পারি না। বাঙালিদের মধ্যে যে অমিত সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বর্তমান প্রজন্ম যে সমস্ত গবেষণা করে তাদের প্রজেক্টের পর থেকে সেই গবেষণাগুলো কাগজ-কলমে পাবলিকেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণে যদি নিয়ে আসতে পারি তা হবে একেবারেই যথার্থ।
উপাচার্য বলে, ইনোভেশন হাব সবার জন্য। আইডিয়া জেনারেট করার জন্য একসময় শুধু বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে ভাবা হতো। কিন্তু এখন এর সাথে কলা ও মানবিক এসেছে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এবং টেকনোলজি দিয়ে হবে না। এখন আইডিয়া জেনারেট করতে দর্শন ও মানবিকতার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন হাব স্থাপন অত্যন্ত কার্যকর হবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি যে গ্রাজুয়েটরা রয়েছেন তাদের লেখাপড়ার ব্যপ্তি, দর্শন সম্মিলিতভাবে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের নতুন নতুন মাত্রা নিয়ে আসবে।
উপাচার্য বলেন, আজকে আমরা যখন প্রযুক্তির কথা বলি এক নিমিষেই জাপান-জার্মানির প্রসঙ্গ উঠে আসে। কিন্তু আগামী কয়েক বছরে জাপান এরকম আর থাকবে না। অর্থনীতি এবং প্রযুক্তির দিক দিয়ে তারা পিছিয়ে পড়বে। কারণ, তাদের জনশক্তির গ্রোথ নেগেটিভ। এক্ষেত্রে বাংলাদেশের সামনে রয়েছে অমিত সম্ভাবনা। আজকে আমাদের যে জনশক্তি রয়েছে তা দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদে পরিণত করতে হবে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সুনির্দিষ্ট পথে এগোনোর জন্য যে কম্পোনেন্ট ও কম্বিনিশেন প্রয়োজন তা আমরা এই ইনোভেশন হাবে পাচ্ছি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। আরও বক্তব্য রাখেন ইনোভেশন হাবের ফোকাল পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। প্রকল্পের পরিচিতিসহ হাবের সার্বিক উদ্দেশ্য তুলে ধরেন উক্ত প্রকল্পের ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট স্বাতী শারমিন। সম্ভাবনাময়ী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ খুলনার প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী হাসান। সভাপতিত্ব করেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর সেহরীশ খান।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী এবং এ অঞ্চলের তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
খুবিতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ অক্টোবর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিকাল ৩টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়। সেই চেতনায় এক শিশুর বেড়ে ওঠা থমকে যায় ঘাতকদের নির্মমতায়। যুদ্ধ আইনে যেখানে নারী ও শিশুদের বাদ দেওয়া হয়, সেখানে অত্যন্ত নির্মমভাবে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে হত্যা করা হয়। দেশকে উল্টো পথে নেওয়ার উদ্দেশ্যেই ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই নারকীয় হত্যাযজ্ঞ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তি নন, বঙ্গবন্ধু একটি চেতনা। যে চেতনা কখনো নিঃশেষিত হয় না। বঙ্গবন্ধুর আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সেই চেতনার মৃত্যু ঘটেনি। বাংলাদেশ যতদিন থাকবে, এই চেতনাও ততদিন থাকবে। কেননা ইচ্ছে করলেই সব কিছু নিঃশেষ করা যায় না।
উপাচার্য বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর দেশকে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা সবক্ষেত্রেই দেশের অগ্রগতি আশাব্যঞ্জক। নারী শিক্ষায় দেশের এগিয়ে যাওয়া, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ এ দেশের সার্বিক উন্নতি আজ অনেকের কাছে ঈর্ষণীয়। কারণ, বাংলাদেশ এখন এই অঞ্চল তথা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে। যার কারণে এ দেশকে ইমার্জিং টাইগারও বলা হচ্ছে।
তিনি বলেন, সময়ের সাথে আমাদের দেশের যে উন্নয়ন ঘটেছে এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। এজন্য বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে এসে একযোগে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে দেশের উন্নতি ও অগ্রগতির কথা ভাবতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশ-বিদেশের ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, সার্বভৌমত্ব ও উন্নয়নের এই ধারা ধরে রাখতে হবে। দেশের প্রতি যে দায়িত্ববোধ রয়েছে তা যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, শেখ রাসেল দেশের প্রতিটি শিশুর প্রতিচ্ছবি। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ হয়, যেখানে কোনো শিশু নির্যাতন হবে না, শিশু হত্যা হবে না- আমি এই প্রত্যাশা করি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির সভাপতি ও কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী গৌরব কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রভাষক ফারজানা জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ৯.১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর পাশে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল ও শিক্ষক সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর পরপরই উপাচার্য ক্যাফেটেরিয়া সংলগ্ন স্থানে ছাতিয়ান বৃক্ষের চারা রোপণ করেন। দুপুর ১২.২০ মিনিটে চারুকলা প্রাঙ্গণে দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। বিকাল ৪.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ রাসেল সম্পর্কিত বিভিন্ন পুস্তক বিতরণ করেন দিবস উদযাপন কমিটিরর সভাপতি। এছাড়া বাদ জোহর জামে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।











































