Home আঞ্চলিক খুমেক হাসপাতালের ডেপুটি নার্সিং সুপার: সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে সর্বস্ব লুট

খুমেক হাসপাতালের ডেপুটি নার্সিং সুপার: সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে সর্বস্ব লুট

64

 

স্টাফ রিপোর্টার।।

হাসপাতালে প্রকল্পের টাকা নয়ছয়, বেসরকারি নার্সদের ইন্টার্নিতে ঘুষ গ্রহণ, অধস্তনদের ইচ্ছামাফিক কৈফিয়ত তলব, নানা উপলক্ষ দেখিয়ে বাধ্যতামূলক চাঁদা আদায়, রোস্টার বাণিজ্য ও প্রশিক্ষণ বাণিজ্যসহ নানারকম দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ডেপুটি নার্সিং সুপার (সুপারে চলতি দায়িত্বপ্রাপ্ত) রোকেয়া খাতুন। তার কর্মকাণ্ড নিয়ে হাসপাতালের উপপরিচালক মৌখিকভাবে সতর্ক করলেও আলাদা অধিদপ্তর হওয়ায় কোনো ব্যবস্থাই নেয়া যায়নি তার বিরুদ্ধে।

খুমেক হাসপাতালে বর্তমানে কর্মরত রয়েছেন বিভিন্ন পদমর্যাদার ৪৮৫ জন নার্স। তাদের সুপারের দায়িত্ব পালন করেন রোকেয়া খাতুন। গত বছর সুপারের চলতি দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি অসীম ক্ষমতার অধিকারী বনে যান। একই সঙ্গে শুরু করেন দুর্নীতিমূলক কর্মকাণ্ড।

আইইউডি প্রকল্পের টাকা নয়ছয়

২০১৯ সালে পরিবার পরিকল্পনা স্থায়ী ও দীর্ঘমেয়াদি কার্যক্রমের আওতায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম নামে এক প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অন্যতম একটি কার্যক্রম হলো মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী দীর্ঘমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (আইইউডি) কপার-টি ব্যবহার করা। যারা এর থেকে সেবা গ্রহণ ও সেবা প্রদানে সহায়তা করবে তাদের জন্য দেয়া হয় আর্থিক বরাদ্দ।

২০২২-২৩ অর্থবছরে এতে ৪ লাখ টাকা বরাদ্দ হয়। জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হয়ে জুন পর্যন্ত মাত্র ছয় মাসে ৩ লাখ ৬৮ হাজার টাকা খরচ দেখানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ সেবা গ্রহণ করেছেন ২২৪ জন। তাদের মধ্যে অন্তত ৫০ জনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন এই প্রতিবেদক। তারা কেউ সেবা গ্রহণ করার পর টাকা পাননি বলে দাবি করেছেন।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের কাকলি নামের আরেক হাসপাতালে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেয়ার পরে তাকে কপার-টি পরানো হয়। তার স্বামী ইব্রাহিম বলেন, ‘আমার স্ত্রীকে ভুলভাবে কপার-টি পরানো হয়েছিল। দুদিন আগে তা পড়ে গেছে। আমাদের হাসপাতাল থেকে কোনো টাকা তো দেয়নি। বরং আমাদের কাছ থেকে আরও ৫০০ টাকা রেখে দিয়েছে।’

খুমেক হাসপাতালের লেবার ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স অনামিকা জেসমিন বলেন, ‘আমার ওয়ার্ডে মূলত কপার-টি পরানো হয়, তবে কোনো রোগী টাকা পেয়েছে বলে আমার জানা নেই। এ ছাড়া নার্সদের জন্য বরাদ্দ থাকলেও, অধিকাংশই টাকা পাচ্ছেন না।’

তবে প্রকল্পের ইনচার্জ হোসনেয়ারা খাতুন বলেন, ‘জানুয়ারি থেকে জুন পর্যন্ত যারা কপার-টি পরেছে, তারা টাকা পেয়েছে।’

ইচ্ছামাফিক কৈফিয়ত তলব, হয়রানি

গত জুলাই মাসে ঢাকায় এমআইসের ট্রেনিংয়ে যাওয়ার জন্য পরিচালকের কাছ থেকে ছাড়পত্র নেন তিনজন নার্সিং কর্মকর্তা। তারা হলেন, এনামুল শেখ, সিলভিয়া নীলা ও গুলশানারা পারভিন। সেখান থেকে ফিরে কর্মস্থলে যোগদান করলে তাদের কৈফিয়ত তলব করেন ডেপুটি নার্সিং সুপার রোকেয়া খাতুন। তাতে উল্লেখ করা হয়, কেন তাকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করা হলো।

ওই তিন নার্স জানান, তাদের পরিচালক যে ছাড়পত্র দিয়েছিল, তার একটি অনুলিপিও ডেপুটি নার্সিং সুপারকে দেয়া হয়েছিল। তবে কি কারণে কৈফিয়ত তলব করলেন তা বোধগম্য নয়। আর ওই কৈফিয়ত পত্রে তিনি নিজ ইচ্ছামাফিক স্মারক নং তৈরি করেছিলেন।

এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে তৎকালিন উপপরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরীর কাছে যান তারা।

ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, যেখানে পরিচালক কাউকে ছাড়পত্র দেয়, সেখানে অন্যকেউ কথা বলার সুযোগ রাখে না। কিন্তু ওই তিনজনকে কৈফিয়ত তলব হয়রানি করা ছাড়া কিছু নয়। এই নিয়ে রোকেয়া খাতুনের সঙ্গে কথা বলেছিলাম। তবে তিনি উত্তর দিয়েছেন, ‘আমি আপনার কর্মী না, আমার অধিদপ্তর আলাদা, সেখান থেকে আমাকে সর্বময় ক্ষমতার অধিকারী করেছে।’

নার্সদের ইন্টার্নিতে ঘুষ গ্রহণ

খুমেক হাসপাতালে প্রতিবছর বেসরকারি বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী ইন্টার্নি করতে আসেন। সরকারি নিয়মানুযায়ী তাদের কোনো টাকা দিতে হয় না।

পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের আবেদনের পরিপ্রেক্ষিতে নার্সিং সুপার তাদের শিক্ষার্থীদের ইন্টার্নি করার সুযোগ প্রদানের জন্য পরিচালককে সুপারিশ করতেন। তার সুপারিশেই পরিচালক সম্মতি প্রদান করেন।

এ বছর খুলনার আমদা নার্সিং ইনস্টিটিউটের ৩৩ জন, মেডিকেল ইনস্টিটিউটের ৩৩ জন, এশিয়ান নার্সিং ইনস্টিটিউটের সাতজন অ্যাবাস মেডিকেল ইনস্টিটিউটের ৩৩ জন, সিটি নার্সিং ইনস্টিটিউটের ৪২ জন, মমতা নার্সিং ইনস্টিটিউটের ২১ জনকে ইন্টার্নির সুযোগ দেয়া হয়েছিল।

এসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসা ইন্টার্ন নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রত্যেকে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। ওই টাকা তারা নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে খুমেক হাসপাতালের ডেপুটি নার্সিং সুপার রোকেয়া খাতুনের কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে ডেপুটি নার্সিং সুপার রোকেয়া খাতুন বলেন, ‘এটা সম্পূর্ণ পরিচালকের বিষয়, কেউ আমাকে টাকা দেয়নি। শুধু শুধু আমার নাম জড়ানো হচ্ছে।’

এ প্রসঙ্গে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মুস্তাফি বলেন, ‘বেসরকারি নার্সদের ইন্টার্নিতে সরকারি কোনো ফি নেই। আমি গত ১৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরিচালক দায়িত্ব গ্রহণ করেছি। এর আগে কি হয়েছে, বলতে পারব না। তবে কেউ যদি অভিযোগ করে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

রোস্টার বাণিজ্য

সিনিয়র স্টাফ নার্স অনামিকা জেসমিন বলেন, ‘রোকেয়া খাতুনের সবচেয়ে বেশি আয় রোস্টার বাণিজ্য থেকে। কেউ এর বিরোধিতা করলে ইচ্ছামাফিক নাইট ডিউটি দেয়া হয়। আর তার পছন্দের নার্সদের ইচ্ছামাফিক অ্যাকটিং সুপারভাইজার পদ সৃষ্টি করে বসিয়ে রাখা হয়েছে। তারা কোনো কাজ না করেই হাসপাতাল থেকে বেতন তুলছেন।’

তবে রোকেয়া খাতুনের বক্তব্য, ‘আমি চেয়ারে বসার আগেই অ্যাকটিং সুপারভাইজার পদ বাতিল হয়ে গেছে। আমি কোনো রোস্টার বাণিজ্য করি না। কাউকে না কাউকে তো নাইট ডিউটি দিতে হবে।’

কথা হয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক হোসনেয়ারা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মূলত জেলাগুলোর দায়িত্বে আছি। তবে বিভিন্ন সময়ে খুলনা মেডিকেল হাসপাতালের ডেপুটি নার্সিং সুপার রোকেয়া খাতুনের অনিয়ম সম্পর্কে জানতে পেরে অধিদপ্তরকে অবহিত করেছিলাম। আমাদের এ সেক্টরে অধিদপ্তর থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয়, বিভাগীয় পর্যায় থেকে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।’